বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:৩৯ পিএম
রংপুরের বদরগঞ্জে দোলনচাপা আন্তঃনগর ট্রেনে লাইনচ্যুত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের বদরগঞ্জে দোলনচাপা আন্তঃনগর ট্রেনে লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
বদরগঞ্জ প্লাটফর্মের কাছে ১ নম্বর লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এসময় শত শত যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প সড়কে গন্তব্যে রওনা দেয়। তবে বেশ কিছু ক্ষুব্ধ যাত্রী ট্রেন চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল রহমানকে মারধর করে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাপা ট্রেনটি বদরগঞ্জ স্টেশনের কাছে পৌছালে লাইনচ্যুত হয়। এতে হাজার হাজার যাত্রী গন্তব্যে ফিরতে বিপাকে পড়েন। বর্তমানে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ চলছে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিন পঞ্চগড় থেকে বদরগঞ্জ হয়ে দোলনচাপা ট্রেনটি সান্তাহার পর্যন্ত চলাচল করে। শনিবার সন্ধ্যার দিকে ট্রেনটি পঞ্চগড় ফেরত যাওয়ার সময় বদরগঞ্জ স্টেশনের কাছে এসে লাইনচ্যুত হয়।
পার্বতীপুরগামী ওবায়দুল হক ও মাজেদ আলী নামে দুইএক যাত্রী বলেন, আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর ট্রেনটি ক্রুটি দেখা দেয়। অনেক শব্দ হচ্ছিল। বদরগঞ্জে এসে চার নম্বর বগির মাঝামাঝি চারটি চাকা লাইনচ্যুত হয়।
সরেজমিন দেখা যায়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ভোগান্তির মুখে পড়েছে শত শত যাত্রী। কেউ কেউ চালককে দুর্ঘটনার জন্য দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। এসময় কয়েকজন উশৃঙ্খল যাত্রী ট্রেনের পরিচালক বজলুল রহমানকে মারধর করে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করলে স্থানীয় থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, লাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। আশাকরি শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন রয়েছে।