তালা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:২৩ পিএম
তালার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে ১৬ বছর বয়সী শিশুর বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে প্রায় ৫০০ মানুষের ভূরিভোজ আয়োজন করে ১৬ বছর বয়সী শিশুর বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়া হয়।
কিন্তু কনেপক্ষের সে আয়োজন পণ্ড করে দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধসহ কনের অভিভাবকের জরিমানা করেছে।
জানা গেছে, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা এলাকায় গরু ব্যবসায়ী বজলুর রহমানের ১৬ বছর বয়সী শিশু মেয়ের সাথে কেশবপুরের আজহারুল ইসলাম নামের এক ছেলের বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে কনের বাড়িতে প্রায় ৫০০ অতিথির খাবারের আয়োজনও করা হয়। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার ঘটনাটি সাতক্ষীরা জেলা প্রশাসক, তালা উপজেলা নির্বাহী অফিসার এবং পাটকেলঘাটা থানার ওসিকে অবহিত করেন। পরবর্তীত উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রাজিবুল ইসলাম, রুপা ঘোষ এবং সংগীত শিক্ষক সজীব সরদার ঘটনাস্থলে গেলে কনেপক্ষের দূর্বৃত্তরা তাদের অবরুদ্ধ এবং লাঞ্চিত করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার ও পাটকেলঘাটা থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কনে ও তার বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যান এবং বরযাত্রীবাহী গাড়ি মাঝপথ থেকে ফিরে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
কনের চাচা মোনজেদ সরদার নিজেদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহেদ হোসেন তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ মামলার প্রসিকিউশন করেন উপপরিচালক নাজমুন নাহার। অভিযানে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান ও তরুণ প্রতিরোধকর্মী হৃদয় মন্ডল উপস্থিত ছিলেন।
একই দিনে সাতক্ষীরা সদরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের খবরে ঘটনাস্থলে যান মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা ও কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা। তারা অভিভাবকদের মুচলেকা নিয়ে রবিবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে হাজিরের নির্দেশ দেন।