নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:১৪ পিএম
নরসিংদীতে ফ্ল্যাটের জানালার গ্রিল কাটে চুরি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নরসিংদীতে একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে দুর্গাপূজা উদযাপন শেষে ফ্ল্যাটে ফিরে দেখেন দরজা ভেতর থেকে আটকানো। ফ্ল্যাটের জানালার গ্রিল কাটা।
ওই গ্রিলের ভেতর দিয়েই ফ্ল্যাটে প্রবেশ করে দেখা যায় ঘরের সবকিছু অগোছালো, আর আলমারি ভেঙে চুরি করে নিয়ে গেছে নগদ ৫০ লাখ টাকা ও স্ত্রীর ৮ ভরি স্বর্ণালংকার। গত শুক্রবার রাতে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
পাঁচ বছর ধরে এ ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করছেন সুখন চৌধুরী (৫১)। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে রঙ মাস্টারের কাজ করেন। নেত্রকোণার বারহাট্টা থানার গুহিয়ালা গ্রামে তার বাড়ি। এ ঘটনায় শুক্রবার রাতেই নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সুখন চৌধুরী।
ভুক্তভোগী সুখন চৌধুরী বলেন, ‘একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের গ্রামের বাড়ির জমি বিক্রি করে ২৫ লাখ টাকা, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে ১০ লাখ এবং নিজের জমানো আরও ১৫ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা বাসায় রেখেছিলাম। স্ত্রীর গয়নাগুলোও সেখানে ছিল। আমরা বাসায় না থাকায় গত ছয় দিনের মধ্যে কোনো এক সময় সব চুরি করে নিয়ে গেছে। একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে।’
স্ত্রী পূরবী পণ্ডিত জানান, স্বজনদের সঙ্গে দুর্গাপূজা উদযাপন শেষে শুক্রবার রাত ৮টার দিকে তারা নরসিংদীর বাসায় ফেরেন। বাসায় পৌঁছার পর তারা দেখেন ঘরের সব এলোমেলো এবং আলমারিটির ভেতরে রাখা ৮ ভরি স্বর্ণালংকার আর নগদ ৫০ লাখ টাকাও নেই।
নরসিংদী মডেল থানার ওসি এম আর আল মামুন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।