আধাবেলা হরতাল
খাগড়াছড়ি, গুইমারা ও রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২১:৫৬ পিএম
গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় গভীর রাতে সড়কের কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে রাখা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাজেকে হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা শনিবারের আধাবেলা সড়ক অবরোধ শেষ হয়েছে।
শনিবার ভোরে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের কারণে কিছুটা উত্তেজনা ছড়ালেও দুপুর ১২টায় কর্মসূচি শেষ হওয়ার পর পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় ফিরে আসে দুই জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল। তবে সকালের আকস্মিক এই অবরোধে পর্যটক ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
শনিবার ভোরে খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, গুইমারার বাইল্যাছড়ি, কালাপানি, হাফছড়ি ও দীঘিনালা-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন অবরোধকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়কের ব্যারিকেড সরিয়ে নেয়। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ছোট ছোট যানবাহন এবং দুপুর ১২টার পর দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।
অন্যদিকে রাঙামাটিতে অবরোধের প্রভাব ছিল আংশিক। জেলা সদরের মানিকছড়ি ও কুতুকছড়ি সড়কে পিকেটিং হলেও রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবান সড়ক ও নৌপথে যান চলাচল স্বাভাবিক ছিল। শনিবার হাটের দিন হওয়ায় শহরেও মানুষের স্বাভাবিক ব্যস্ততা দেখা গেছে। তবে তিন দফা দাবিতে সাজেকে টানা তৃতীয় দিনের মতো স্থানীয়দের অবরোধ কর্মসূচি চলমান থাকায় রাঙামাটির সাজেক, বাঘাইছড়ি ও মহালছড়ি সড়কে এর কিছুটা প্রভাব পড়ে।
হঠাৎ ডাকা এই আধাবেলার অবরোধে বিপাকে পড়েন ঘুরতে আসা পর্যটকেরা। বগুড়া থেকে ৪২ জনের একটি দল নিয়ে আসা পর্যটক আল আমিন বলেন, ‘খাগড়াছড়ি ঘোরা শেষে আজ সকালে বান্দরবানের উদ্দেশে রওনা হয়েছিলাম। কিন্তু জিরোমাইল এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমাদের আটকে থাকতে হয়। চরম ভোগান্তির পর দুপুরে অবরোধ শেষ হলে আমরা গন্তব্যের দিকে রওনা হই।’
পরিবহন শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরে খাগড়াছড়ির জিপ ও সিএনজি মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘সাজেকসহ খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক অবরোধ থাকায় আমাদের গাড়িগুলো স্টেশন ছেড়ে যায়নি। সাজেক পর্যটনকেন্দ্র টানা বন্ধ থাকায় চালক ও শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। দিন এনে দিন খাওয়া এই মানুষদের কথা ভেবে আমরা দ্রুত সাজেক ভ্যালি উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা জেলা শহরসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম। সর্বোচ্চ সতর্কতার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
খাগড়াছড়ির গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, সকালে সড়কে আগুন ও গাছ ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘অবরোধ ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েন ও জোরদার টহলের কারণে জেলার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।’