সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২১:০৫ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ২১:৪৬ পিএম
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা।
শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ গণনা শুরু হয়। এ দফায় নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
সর্বশেষ গণনায় পাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ, ৩ ভরি ১৩ আনা রুপা, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি ও ১৪ পাউন্ড।
টাকা গণনার কার্যক্রমে মাজারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ব্যাংকের প্রতিনিধি ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী অংশ নেন। গণনা শেষে সংগৃহীত অর্থ ও মূল্যবান সামগ্রী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।