প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২১:০৪ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ২১:০৯ পিএম
ওয়াকিটকি হাতে সবুজ মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘প্রাইম বাজার’ নামে একটি প্রকল্প খুলে বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের সবুজ মিয়ার বিরুদ্ধে। স্থানীয় কয়েকজনের দাবি, প্রকল্পটির নামে শত শত যুবকের কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা নেওয়া হলেও পরে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রের ভাষ্য, কয়েক বছর পর এলাকায় ফিরে সবুজ মিয়া ওয়াকিটকি হাতে এবং ব্যক্তিগত গাড়িতে চলাফেরা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসকে টিভি’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করেন তিনি। তার এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য ও ওয়াকিটকি ব্যবহারের বৈধতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
এদিকে হামিদুজ্জামান জলিলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ এলাকায় নারীকে ব্যবহার করে লোকজনকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যবসায়ীর দাবি, যশোরের একটি হোটেলে এক নারীর সঙ্গে তার ছবি তুলে পরে তা দেখিয়ে চার লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই লাখ টাকা দেন এবং পরে কয়েক দফায় বাকি অর্থ পরিশোধ করেন বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো মামলার নথি পাওয়া যায়নি।
সবুজ মিয়ার বিরুদ্ধেও সাংবাদিক, ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। তাদের দাবি, তিনি ওয়াকিটকি ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে বিভিন্ন স্থানে চলাফেরা করেন। কালীগঞ্জ ও কোটচাঁদপুর এলাকায় এসব কর্মকাণ্ড নিয়ে বিরোধের জেরে তার মারধরের শিকার হওয়ার কথাও স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি কালীগঞ্জ উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে সবুজ মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির এক নারী দাবি করেন, ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তার ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ছেলেকে রক্ষা করতে তাদের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন তিনি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন কি না এবং অর্থ লেনদেনের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করা যায়নি।
অভিযোগের বিষয়ে মহিউদ্দিন জালাল ও সবুজ মিয়া বলেন, “এসব লিখে আমাদের কিছুই করতে পারবি না। কত বড় বড় সাংবাদিক এসে কিছু করতে পারল না। আর তুই কী করবি।”
গোয়েন্দা সংস্থার সূত্র থেকে জানা যায়, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান আলমের সঙ্গে জলিল ও সবুজের সখ্য রয়েছে। এ কারণে তারা প্রশাসনিক সুবিধা পেয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ অস্বীকার করে মহেশপুর থানার ওসি মো. ইমরান আলম বলেন, “তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হয়তো বাড়তি সুবিধা আদায়ের জন্য আমার নাম ব্যবহার করছে।”
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া ওয়াকিটকি ব্যবহার করা অপরাধ। তাদের কর্মকাণ্ডের কথা মাত্র শুনলাম। এ নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”