× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি নিষেধাজ্ঞা অমান্য চলছেই

জেলেদের হামলায় পুলিশ সদস্যসহ আহত ২, আটক চার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২০:২৩ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ২০:২৬ পিএম

গলাচিপার বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযানে আটক চার জেলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গলাচিপার বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযানে আটক চার জেলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার সময় জেলেদের হামলায় একজন পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছেন। পাশাপাশি উজেলায় মা ইলিশ শিকারের দায়ে তিনি জেলেকে এক মাসের সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুধকুমার নদে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে মাছ ধরা জাল। সেই সঙ্গে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরা বন্ধ হয়নি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে মাছ ধরা। প্রতিবেদকদের পাঠানো খবর-

গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য ও স্পিডবোটের চালক আহত হয়েছেন। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ গলাচিপা থানার পুলিশ সদস্য জসিম ও অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক শাহজালাল। আহতদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বুড়াগৌরাঙ্গ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের খবর পেয়ে বিকেলে মৎস্য বিভাগের অভিযানকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় স্পিডবোটে মৎস্য বিভাগের সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যও ছিলেন। নদীতে ইলিশ শিকার করা ট্রলারগুলোকে ধাওয়া করলে জেলেরা বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে অভিযানকারী দলের ওপর পাল্টা হামলা চালান। এতে স্পিডবোটের চালক ও পুলিশ সদস্য আহত হন। কনস্টেবল জসিমের হাতে গুরুতর আঘাত লাগে এবং হাত কেটে রক্তাক্ত জখম হয়।

অভিযানে অংশ নেওয়া সুধাংশু নামে মৎস্য বিভাগের এক সদস্য জানান, নদীতে বেশ কয়েকটি ট্রলারে মাছ ধরা হচ্ছিল। একটি ট্রলারকে প্রায় ১০ মিনিট ধরে ধাওয়া করে কাছাকাছি গেলে ওই ট্রলার থেকে বৈঠা দিয়ে স্পিডবোটের চালককে আঘাত করা হয়। এ সময় পুলিশ সদস্য সামনে এগিয়ে চালককে রক্ষা করতে গেলে তার হাতে বৈঠার আঘাত লাগে এবং হাত কেটে রক্ত বের হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দ্রুতগতির ডাবল ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে জেলেরা পালিয়ে যান বলে ওই সদস্য জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, বুড়াগৌরাঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন অবৈধভাবে ইলিশ শিকার করছিলেন। তাদের ধরতে গেলে অভিযানের স্পিডবোটে হামলার ঘটনা ঘটে। এ সময় একজন পুলিশ সদস্য আহত হন। আমি ওই স্পিডবোটে ছিলাম না, আমার স্টাফদের কাছে এটায় শুনেছি। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো জেলেকে গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে গলাচিপায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম সাজা দিয়েছেন। আটক অপরজন নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রতনদী তালতলী ইউনিয়ন সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেনÑউপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে বাহাদুর হোসাইন, মতি খলিফার ছেলে আলাউদ্দিন ও ইসাহাক হাওলাদারের ছেলে সোহাগ।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে ইলিশ শিকারের সময় তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে সমন্বিত অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত থেকে দুধকুমার নদের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান চলে। উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী মাছ আহরণে নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে দুধকুমার নদে অবৈধ জাল দিয়ে মাছ শিকার এবং আইপিএস ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ আহরণ বন্ধে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নদীটি সরু ও বিভিন্ন স্থানে চরবেষ্টিত হওয়ায় দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে সরে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বোরহানউদ্দিন (ভোলা ) : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ নিধনের অভিযোগ উঠেছে। দিন-রাত অবাধে, মা ইলিশ শিকার করেছে উপজেলার বিভিন্ন মাছঘাটে প্রকাশ্যে মাছ বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়িবাঁধের মাথা, জয়ার খাল ও নয়নের খাল মাছঘাটে চলছে নিষিদ্ধ ইলিশের বেচাকেনা। এ ছাড়া বড়মানিকা ইউনিয়নের এছাকমোড় মাছঘাট, আলিমুদ্দিন বাংলা বাজার, পক্ষিয়া ইউনিয়নের নবমিয়ার হাট, দিদার মাঝি মাছঘাট, হাকিমুদ্দিন ও মির্জাকালু মাছঘাটেও ইলিশ বিক্রির অভিযোগ উঠেছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো হাকিমুদ্দিন নৌপুলিশ ফাঁড়ির মাত্র ২৫০ গজের মধ্যেও প্রকাশ্যে ইলিশ বিক্রি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। শুক্রবার রাত ১০টার দিকে মাছ বিক্রির খবর পাওয়া গেছে। সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ। এরপরও এসব কর্মকাণ্ড চলতে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি অসাধু মৎস্য ব্যবসায়ী চক্র এ অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। এমনকি কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। নির্বিচারে মা ইলিশ নিধন চলতে থাকলে দেশের ইলিশের উৎপাদন হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা সচেতন মহলের।

সচেতন মহলের দাবি, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযুক্ত মাছঘাট ও নদীর বিভিন্ন পয়েন্টে দিন-রাত অভিযান চালাতে হবে। পাশাপাশি অবৈধ ইলিশ বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে।

প্রশ্ন উঠেছে- সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও যদি প্রকাশ্যে মা ইলিশ বিক্রি চলে, তাহলে তা বন্ধে কার্যকর পদক্ষেপ কেবল  কাগজ কলমে রয়ে গেল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা