সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২০:১২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ২০:১৫ পিএম
ফার্মেসি থেকে ভাড়া বাসায় ফিরার পথে ১০/১৫ জনের একটি দল পথরোধে কুপিয়ে হত্যা করে জহির ফকিরকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নিহতের ভাগিনা ইসমাইল
হোসেন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ
থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কালাপাহাড়িয়া ইউনিয়ন
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির রিজভীকে।
জানা যায়, তিনি গত বুধবার রাতে আড়াইহাজার
উপজেলার সোনারগাঁয়ের চরহোগলা গ্রামের নিজ ফার্মেসি থেকে ভাড়া বাসায় যাওয়ার পথে তাকে
১০/১৫ জনের একটি দল পথরোধ করে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের ভাগ্নে ইসমাইল ও মামলার বাদী
জানান, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে মোবারক হোসেনের
সঙ্গে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল জহির ফকিরের। এর আগেও কয়েকবার মোবারক তার সন্ত্রাসী
বাহিনী নিয়ে জহিরের ওপর হামলা করে। আড়াইহাজার থেকে মোবারক ও তার সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে
রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে
পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আব্দুল বারিক বলেন, হত্যার ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের
গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।