এনায়েতুর রহমান, পটুয়াখালী
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৩৮ পিএম
রাঙ্গাবালীতে সংরক্ষিত বনভূমির মধ্যে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বাঁধ নির্মাণের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংরক্ষিত বনভূমির মধ্যে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। তরমুজ চাষের প্রস্তুতির নামে চলা এ তৎপরতায় উপড়ে ফেলা হয়েছে ২০০ থেকে ৩০০টি গাছ।
বন বিভাগের আপত্তি, মামলা ও প্রশাসনকে চিঠি দেওয়ার পরও থামেনি এ কার্যক্রম। ৩০ একর জমির বন্দোবস্তের বৈধতা নিয়ে বন বিভাগ ও ভূমি প্রশাসনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সংরক্ষিত বনভূমি ও খাসজমির সীমানা নির্ধারণ না করেই কীভাবে বন্দোবস্ত দেওয়া হলো তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী এলাকার চর সাইনবোর্ডের ৪১৫ একর এলাকাকে ২০১০ সালের ৪ এপ্রিল সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে সেখানে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ ও উপকূলীয় গাছ লাগানো হয়। ২০২১-২২ অর্থবছরে ওই এলাকায় ১০ হেক্টর জমিতে ঝাউবাগানসহ বিভিন্ন প্রজাতির গাছের বনায়ন করা হয়।
বন বিভাগের ভাষ্য, গত বছর ওই এলাকায় ৩০ একর জমি দুই বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়। এরপর বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিরা তরমুজ চাষের প্রস্তুতি নিতে গিয়ে বন বিভাগের সৃজিত ঝাউবাগানের গাছ কাটেন। এ ঘটনায় বন বিভাগ দুটি মামলা করে। মামলাগুলো সংশ্লিষ্ট আদালতে চলমান রয়েছে। এরপরও গত ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে চর সাইনবোর্ডে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বাঁধ নির্মাণ শুরু হয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলেও কাজ চালিয়ে যাওয়া হয়।
রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বাঁধ নির্মাণের খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলেও তারা বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। এতে ২০০ থেকে ৩০০টি ছৈলা, কেওড়া ও ঝাউগাছ উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
বন বিভাগের কাউখালী ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল আহম্মদ খানের করা সাধারণ ডায়রিতে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। জিডিতে বলা হয়, তারা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বাঁধ নির্মাণ করছিলেন। বনকর্মীরা বাধা দিলে তারা জমি বন্দোবস্তের কাগজপত্র দেখান। জমিটি গেজেটভুক্ত বনভূমির অন্তর্ভুক্ত হওয়ায় কাগজপত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছিল। কিন্তু তারা রাজি হননি।
তবে অভিযোগ অস্বীকার করে জিডির প্রধান বিবাদী আরিফ মীর বলেন, সরকার থেকে আমরা বন্দোবস্ত নিয়ে সেই জমিতে ক্ষেত করছি। বনের জমিতে আমরা কোনো কাজ করছি না।
বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়ার স্বাক্ষরিত একটি চিঠিতে জেলা প্রশাসককে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জমি বন বিভাগের সৃজিত একাধিক বাগান রয়েছে। জমিটি বন্দোবস্ত দেওয়া হলে বন, বন্য প্রাণী, জীববৈচিত্র্য ও আশপাশের ম্যানগ্রোভ প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, অভিযোগ এসেছে, তাই বনের জমি এবং খাসজমি চিহ্নিত করতে হবে। তবে যদি বনের গাছ কেটে থাকে, তাহলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কাইয়ুম বলেন, বন বিভাগের চিঠি পেয়েছি। যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।