মদন (নেত্রকোনা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:২২ পিএম
কলাগাছিয়া খাল দখলের প্রতিবাদে মানববন্ধন। ছবি: প্রতিবেদক
নেত্রকোনার মদনে কলাগাছিয়া খাল দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের তাহের পাগলার মাজার প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মাঘান গ্রামের অসংখ্য মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাঘান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম রতন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক মঞ্জু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার, ইউপি সদস্য রুবেল মিয়া ও বাচ্চু মিয়া।
বক্তারা বলেন, কলাগাছিয়া খালটি দীর্ঘদিন ধরে মাঘান ও রানীহালা গ্রামের চারটি মসজিদ ও একটি মন্দিরের উন্নয়নের স্বার্থে এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর ইজারা দেওয়া হয়। ইজারার অর্থ দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কাজ করা হয়।
কিন্তু এবার স্থানীয় মাহবুব মেম্বার, পলাশ মিয়া, সোহেল মিয়া, রফিক মিয়া, ঝুমন মিয়াসহ কয়েকজন ব্যক্তি খালটি দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন তারা। এর ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খালটি দখলমুক্ত করে আগের নিয়ম অনুসারে মসজিদ-মন্দিরের উন্নয়নে ইজারা প্রক্রিয়া বহাল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ চান বক্তারা।
এ বিষয়ে পলাশ মিয়া বলেন, আমরা গ্রামবাসীর বিপক্ষে নই। খালের ইজারার টাকা প্রতিটি মসজিদ ও মন্দিরের উন্নয়নে ব্যবহার হোক, এটা আমরাও চাই। তবে কোনটি যেন বাদ না পড়ে। আমরা চাই সবগুলাই যেন সঠিকভাবে তার প্রাপ্য বুঝে পায়। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মদন থানার ওসি সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।