মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:১৪ পিএম
মাগুরা প্রেস ক্লাবের সামনে পৌর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে পৌর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শাকের হোসেন ছিলেন এক নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী ও সমাজের প্রিয় মুখ। তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার ৩ দিন পার হলেও মূল পরিকল্পনাকারী ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনের মূল আসামি গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল আজ উদ্ধার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
নেতৃবৃন্দ অতি দ্রুত প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীরা গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে এবং শহরকে অচল করে দেওয়া হবে বলে হুমকি প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. কামরুজ্জামান জানান, ‘শাকের হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডের আসল কারণ ও মূল রহস্য উন্মোচন, অপরাধে ব্যবহৃত অস্ত্র ও যানবাহন উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করার লক্ষ্যে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।’