লুটের কোটি টাকা ‘বদহজম’ আতঙ্কে ডিসি ও বিএনপি নেতারা
প্রবা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:০৫ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:০৭ পিএম
বাঁ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ অর্ঘ্য, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন ও পেছনে কথিত ইজারাদার হাসান শিকদার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার নামে কয়েক কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে। মেলার ইজারা, স্টল বরাদ্দ, বিদ্যুৎ সরবরাহ, ইট ভাড়া, নৌকায় বোট রাইড, শৌচাগার ও জুয়ার আসর থেকে অর্থ আদায়ের অভিযোগ নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অবশেষে বন্ধ হয়েছে মেলা। তবে আদায় করা অর্থের পরিমাণ, বণ্টন ও সরকারি রাজস্বের হিসাব নিয়ে এখনো স্পষ্ট কোনো জবাব মেলেনি। মেলা বন্ধ হওয়ায় কথিত অবৈধ আয়ের পথ বন্ধ হওয়ার পাশাপাশি অর্থের হিসাব নিয়ে অস্বস্তিতে পড়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই বছর বন্ধ থাকা গুড়পুকুর মেলা গত ১ অক্টোবর থেকে ২০ দিনের জন্য শহরের প্রাণকেন্দ্রে পৌরসভার মালিকানাধীন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন।
অভিযোগ রয়েছে, সরকারি নিয়মে পরিচালিত হওয়ার কথা থাকলেও মেলার নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় বিএনপি নেতাদের হাতে। জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে মেলার কথিত ইজারা দেওয়া এবং স্টল বরাদ্দের নামে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে এককালীন অফেরতযোগ্য অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
মেলার বিভিন্ন খাত থেকে প্রতিদিন ১৩ থেকে ১৫ লাখ টাকা আদায় করা হতো বলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দেওয়া তথ্য এবং অনুসন্ধানে উঠে এসেছে। মেলার প্রাঙ্গণ ও স্টলে ইট বিছিয়ে ভাড়া আদায়, বিদ্যুৎ সরবরাহের নামে বাল্বপ্রতি অর্থ আদায় এবং পার্কের দিঘিতে নৌকা নামিয়ে বোট রাইডের মাধ্যমেও অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। এসব অর্থের ভাগ জেলা ও পৌর প্রশাসনের পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে বণ্টন করা হতো বলে অভিযোগ। রাতের আঁধারে জুয়ার আসর এবং শৌচাগার ব্যবহার থেকেও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ মেলায় অর্থ লোপাটের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তবে সদস্যসচিব আবু জাহিদ ডাবলু মেলার নিয়ন্ত্রণ ও বিভিন্ন কার্যক্রমে দলীয় নেতাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
তার দাবি, সরকারদলীয় নেতাদের হস্তক্ষেপ ছাড়া জেলা প্রশাসন বা ইজারাদারের পক্ষে এমন মেলা পরিচালনা সম্ভব নয়। যুবদল ও ছাত্রদলের নেতারা নৌকা ও ইট ভাড়া দিয়ে বিনিয়োগের মাধ্যমে আয় করছেন বলেও দাবি করেন তিনি। সাতক্ষীরার মানুষের বিনোদনের কথা বিবেচনা করে জেলা প্রশাসকের নির্দেশে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান ডাবলু। তবে মেলার নামে কত টাকা আদায় হয়েছে, সেই অর্থ কোথায় গেছে এবং জেলা প্রশাসনের আয়োজন করা মেলা কীভাবে তিনি ইজারা দিলেন, এসব প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি তিনি।
যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল মেলার কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি জীবনে কখনো মেলায় ঢোকেননি। অন্যদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ অর্ঘ্য মেলায় ইট বিছিয়ে ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে অন্য অভিযোগে ছাত্রদলের সম্পৃক্ততা নেই বলে দাবি তার।
অনুসন্ধানে আরও উঠে এসেছে, মেলার কথিত ইজারা ও স্টল বরাদ্দের নামে এককালীন অর্থ আদায়ের পাশাপাশি বিভিন্ন খাত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, আদায় করা অর্থের একটি অংশ নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রেসক্লাব বা সাংবাদিক সংগঠনের কাছেও পৌঁছাত। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই এবং অর্থ বণ্টনের সুনির্দিষ্ট হিসাব প্রকাশিত হয়নি। মেলা থেকে জেলা প্রশাসন বা পৌরসভার সরকারি কোষাগারে কোনো রাজস্ব জমা পড়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার মেলা শেষ হওয়ার কথা থাকলেও মৌখিকভাবে সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মধ্যে শুক্রবার রাতে মাইকিং করে মেলা বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল ১০টার পর থেকে ব্যবসায়ীদের প্যান্ডেল ও স্টল সরিয়ে নিতে দেখা যায়।
মেলা বন্ধ হলেও অর্থ আদায় ও বণ্টন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন ও জেলা প্রশাসক কাউসার আজিজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য, সরকারি নথিপত্র এবং অর্থ আদায় ও ব্যয়ের হিসাব যাচাইয়ের মাধ্যমে প্রকৃত চিত্র পরিষ্কার হওয়া প্রয়োজন।
সাতক্ষীরাবাসীর দাবি, শুধু মেলা বন্ধ করলেই হবে না; মেলার অনুমতি, ইজারা, স্টল বরাদ্দ, বিভিন্ন খাতে অর্থ আদায়, ব্যয় এবং সরকারি কোষাগারে রাজস্ব জমার পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। অর্থ লোপাটের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।