চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:০০ পিএম
চাঁদপুর সদরের বাগাদীতে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুর সদরের বাগাদীতে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সব আসবাবপত্র পুড়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত ঘটনা ঘটেনি।
শনিবার এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত আনুমানিক সোয়া তিনটার দিকে নাইট গার্ড আগুন লাগার খবর শাখা ম্যানাজারকে জানান। তার ভাষ্যমতে, কে বা কারা জানা দিয়ে ঢিল ছোড়ার মত কিছু একটা নিক্ষেপ করে। পরে শাখা ম্যানাজার ঘটনাটি আমাকে অবহিত করলে তাকে ফায়ার সার্ভিসকে জানানোসহ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, আগুনে ভবনের দ্বিতীয় তলায় আসবাবপত্র পুড়ে গেছে। এটি পেট্রোল বোমা কিনা সেটি তদন্ত শেষে জানা যাবে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। রাত ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির আনুমানিক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির ও সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।
ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।