গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৮:৫৭ পিএম
শনিবার হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে এক পরামর্শ সভায় এ দাবি জানানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ব ইজতেমা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীর ইজতেমা ময়দান সাদপন্থিদের ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় আলেমরা।
শনিবার হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে এক পরামর্শ সভায় এ দাবি জানানো হয়। এতে দেশের ৬৪ জেলার শীর্ষ আলেমরা অংশ নেন।
সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে হেফাজত আমিরের সঙ্গে যোগাযোগ করে সাদপন্থিদের এবারের ইজতেমার জন্য তিন দিন টঙ্গী ময়দান ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে তার মতামত জানতে চাওয়া হয়। তিনি দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেন। এরই পরিপ্রেক্ষিতে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় আলেম-ওলামা ও মুরুব্বিদের মতামতের ভিত্তিতে দুটি দাবি জানানোর সিদ্ধান্ত হয়। দাবিগুলো হলো, ২০২৫ সালের পর সাদপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখা এবং ২০১৮ ও ২০২৪ সালের ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল করা। মামলাগুলো বর্তমানে পিবিআই তদন্ত করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি আরশাদ রহমানী, মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা রশিদুর রহমান ফারুক, মাওলানা আব্দুল আউয়ালসহসহ দেশের বিভিন্ন জেলার বিশিষ্ট আলেম ও মুরুব্বিরা।