ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৮:৫৭ পিএম
মা ইলিশ আহরণ, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে একটি ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে একটি ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ।
অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত দুধকুমার
নদের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা
করা হয়।উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশ
জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী মাছ আহরণে
নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে দুধকুমার নদে অবৈধ জাল দিয়ে
মাছ শিকার এবং আইপিএস ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ আহরণ বন্ধে
অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ
সুপার মুনতাসির মামুন মুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নদীটি সরু ও বিভিন্ন স্থানে চরবেষ্টিত হওয়ায় দূর
থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে সরে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে
জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।