চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই মামলা নিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই মামলা নিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ডিজিটাল প্রমাণের ভিত্তিতেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করা হবে।
খুলনা পুলিশ লাইনসে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত শনিবার দুপুরে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী উদ্যোগের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত অথবা ক্ষমতাসংশ্লিষ্ট। তাঁদের ভয়ে ভুক্তভোগীরা সাক্ষ্য দিতে চান না, এমনকি থানায় অভিযোগ করতেও সাহস পান না। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এ উদ্যোগের অগ্রগতি দেখা যাবে। তবে আইনটি কবে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।
অপরাধ প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, অপরাধ সংঘটনের পর পুলিশ তৎপর হলেও আগাম তথ্য সংগ্রহের কার্যক্রম আরও সক্রিয় করা প্রয়োজন। পুলিশের তথ্যদাতারা কার্যকরভাবে কাজ করলে অপরাধীদের তৎপরতা আগেই শনাক্ত করা সম্ভব। চাঁদাবাজদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে চান না বলে অপরাধী শনাক্তে কার্যকর তথ্য সংগ্রহ ও ডিজিটাল প্রমাণ গুরুত্বপূর্ণ।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুলিশের ভূমিকা নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে। বল প্রয়োগ করলে সমালোচনা হয়, আবার কঠোর ব্যবস্থা না নিলে পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে।
আইজিপি বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে পুলিশের অনুপস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল। পরে পুলিশ মনোবল ফিরে পেয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং কার্যক্রম পরিচালনা করছে। বেকারত্বসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান একদিনে সম্ভব নয় উল্লেখ করে তিনি দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। আগে পুলিশ রিফর্ম প্রোগ্রাম (পিআরপি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হতো। তবে কমিউনিটি পুলিশিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেউ কেউ পুলিশের ক্ষমতা ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করতেন। ভবিষ্যতে এ ধরনের অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে কমিউনিটি পুলিশিংকে আইনি কাঠামোর মধ্যে পুলিশের একটি শাখা হিসেবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। এ কার্যক্রমে অংশ নিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে জানিয়ে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এসব অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনার পরও কেউ কেউ একই অপরাধে জড়িয়ে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর নীতি প্রণয়নের কাজ চলছে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান। খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপার এবং প্রতিটি জেলা থেকে কমিউনিটি পুলিশের পাঁচজন করে প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন।