নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৫:৫৮ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ১৬:০০ পিএম
কাওসার হাওলাদার (৩৭) । ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রাশেদ আমিন নামে আরেক যুবদল কর্মী গুরুতর আহত হন।
নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। পেশায় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি সেতুর ওপর কাওসার, রাশেদসহ কয়েকজন যুবদল কর্মী কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে একদল সশস্ত্র ব্যক্তি এসে তাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে কাওসার ও রাশেদ সেতু থেকে পানিতে ঝাঁপ দেন। পরে তারা পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন।
অভিযোগ থেকে জানা যায়, হামলাকারীরা ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাশেদ আমিনের চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
উজিরপুর মডেল থানার ওসি বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।”