× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে সাত দিনে আট অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৫:১৬ পিএম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে সাত দিনে ছোট-বড় অন্তত আটটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সর্বশেষ শনিবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামেআগুন লাগে।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বেলা ১টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। এর ১১ মিনিট পর, সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রথমে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসসহ আশপাশের অন্যান্য ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটকে একযোগে কাজ করতে হয়। দীর্ঘ চেষ্টার পর বেলা ১টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।

সাত দিনে আট অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে গাজীপুরের বিভিন্ন এলাকায় অন্তত আটটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারখানা, ঝুট ও কার্টনের গুদাম, দোকান এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে।

গত ১৭ অক্টোবর কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লাগে। একই দিনে টঙ্গীর মিলগেট ও আউচপাড়া এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর ১৯ অক্টোবর গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর বাঘিয়া এলাকায় সরকারবাড়ি মসজিদসংলগ্ন টিনশেড ঝুট ও কার্টনের গুদামে আগুন লাগে।

২১ অক্টোবর টঙ্গীতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

২২ অক্টোবর শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া সিঅ্যান্ডবি বাজারে গভীর রাতে আগুন লেগে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান ও একটি ঝুটের গুদাম পুড়ে যায়।

এ ছাড়া ২৪ অক্টোবর ভোররাতে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার মাঝিখোলা এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হন। একই দিন সকালে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে।

এক সপ্তাহের ব্যবধানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় গাজীপুরের শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা