মাধবপুর ভূমি অফিস
সানাউল হক চৌধুরী শামীম, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৫:০৬ পিএম
মাধবপুর ভুমি অফিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুর ভুমি অফিসে কানুনগো ও সার্ভেয়ারসহ ১৮টি পদের মধ্যে ১০টিই শূন্য রয়েছে।
প্রয়োজনীয় জনবল না থাকায় ভূমি সংক্রান্ত সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
এতে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ। ভূমি সংক্রান্ত সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে ই-নামজারি চালু করা হলেও মাধবপুর ভূমি অফিসে পর্যাপ্ত জনবল না থাকায় এর সুফল পুরোপুরি মিলছে না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি অফিসের গুরুত্বপূর্ণ পদের মধ্যে কানুনগো সাইফুদ্দিন আহমেদ ২০২০ সালের ১৭ ডিসেম্বর বদলি হওয়ার পর থেকে প্রায় ছয় বছর ধরে পদটি শূন্য রয়েছে।
অন্যদিকে সার্ভেয়ার শহিদুল ইসলাম প্রায় চার মাস আগে পদোন্নতি পেয়ে কমলগঞ্জ ভূমি অফিসে যোগ দেন। সার্ভেয়ার জোনায়েদ আহমেদ হবিগঞ্জ জেলা প্রশাসকের অধিগ্রহণ শাখায় কর্মরত থাকার পাশাপাশি সপ্তাহে একদিন মাধবপুর ভূমি অফিসে কানন গোর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তাও তদবিরের কাজগুলো বেশি গুরুত্ব দেন বলে অনেক সেবাগ্রহিতা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সার্ভিয়ার হয়ে কানুনগোর কাজ করে যাচ্ছেন। তিনি এর আগেও এখানে ছিলেন। তার রয়েছে একটি দালাল চক্র। পাশের উপজেলা বিজয়নগরে তার বাড়ি।
ভূমি অফিসে চেইনম্যান, জারিকারক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির কাম ক্যাশিয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদও শূন্য রয়েছে। ১৮টি পদের মধ্যে ১০টি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
মাধবপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। এগুলো হলোÑ মনতলা, মাধবপুর সদর, আদাঐর, নোয়াপাড়া ও কালিকাপুর। মনতলা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জুনাইদ আহম্মদ বলেন, আয়তনের দিক থেকে সিলেট বিভাগের অন্যতম বড় ইউনিয়ন ভূমি অফিস মনতলা। এ অফিসের আওতায় ৯৯টি মৌজা রয়েছে। ছয়টি পদের বিপরীতে বর্তমানে দুইজন কর্মকর্তা ও দুজন এমএলএসএস কর্মরত রয়েছেন।
তিনি বলেন, এলাকায় বালুমহাল থাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে প্রায়ই অভিযান পরিচালনা করতে হয়। পাশাপাশি বিভিন্ন মামলায় আদালতে সাক্ষ্য দিতে যেতে হয়।
জনবল সংকটের কারণে এসব দায়িত্ব পালন করতে গিয়ে কর্মরতদের ওপর অতিরিক্ত চাপ পড়ে। মাধবপুর সদর ইউনিয়ন ভূমি অফিসে ছয়টি পদের মধ্যে দুটি পদ শূন্য। নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসেও দুটি পদ শূন্য। ফলে এসব অফিসে নিয়মিত ভূমিসেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হয়।
কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, তার কার্যালয়ে ছয়টি পদের মধ্যে চারটিই শূন্য। এলাকায় নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠায় ভূমি সংক্রান্ত কাজের চাপও বেড়েছে। জনবল সংকটের কারণে দায়িত্ব পালনে অতিরিক্ত সময় দিতে হচ্ছে। এমনকি ব্যক্তিগত প্রয়োজনেও অনেক সময় ছুটি নেওয়া সম্ভব হচ্ছে না।
আদাঐর ইউনিয়ন ভূমি অফিসেও জনবল সংকট রয়েছে। সেখানে বর্তমানে একজন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও একজন এমএলএসএস কর্মরত রয়েছেন। জনবল সংকটে ভূমিসেবা ব্যাহত হওয়ার বিষয়ে মাধবপুর উপজেলা ইউএনও মেহেদী হাসান বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীর সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
আশা করি, কিছুদিনের মধ্যে এ সংকট কমে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অফিসে দ্রুত শূন্য পদগুলো পূরণ করা না হলে ই-নামজারিসহ অন্যান্য ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমের গতি আরও কমে যেতে পারে। একই সঙ্গে সেবাপ্রত্যাশী মানুষের ভোগান্তিও বাড়তে পারে। তাই জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।