× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিয়ায় সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ

হাসিব আল আমিন, নোয়াখালী

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৪:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত মোহাম্মদ দাউদের বাবা আব্দুল বাতেন একই উপজেলার তমরদ্দি ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, কৃষি বিভাগে ছেলের কর্মরত থাকার সুযোগ কাজে লাগিয়ে ডিলারশিপ নিয়েছেন আব্দুল বাতেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ দাউদ বলেছেন, নিয়োগ প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা নেই।

জানা গেছে, আব্দুল বাতেন ‘মেসার্স আইমান এন্টারপ্রাইজ’-এর নামে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। একই উপজেলায় তার ছেলে মোহাম্মদ দাউদ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদ বলেন, অনেকে আবেদন করেছেন, অনেকের হয়নি। আমার বাবার কাগজপত্র ঠিক থাকায় তার হয়েছে। সবার আলাদা আলাদা পরিচয় আছে। তিনি নিজের ওপর নির্ভরশীল। আমি ছোট দায়িত্বে আছি, আমি নিয়োগকর্তা নই। উপজেলা, জেলা এবং সচিবালয় থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যার কাগজপত্র ঠিক আছে, তিনি ডিলার হবেনÑ এটাই স্বাভাবিক। এখানে আমার কোনো হাত নেই।

এদিকে মোহাম্মদ দাউদের বাবা আব্দুল বাতেন জানান, আমার ছেলের কোনো হাত নেই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। এছাড়াও আমার সব কাগজপত্র সঠিক ছিল। যাচাই-বাছাই করে আমাকে নিয়োগ দিলে সমস্যা কোথায়।

হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর বলেন, সারের ডিলার নিয়োগের বিষয়ে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। এ কারণে এখনও কারোর সঙ্গে চূড়ান্ত চুক্তি করা হয়নি। অভিযুক্ত ডিলারদের বিষয়ে পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে নির্ধারিত ধারণক্ষমতার গুদাম না থাকার পরও সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষি মন্ত্রণালয় ও নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হয়। এর আগে ৯ অক্টোবর প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়। আবেদনে গুদাম সংক্রান্ত প্রত্যয়নপত্র ও গুদামের ছবি সংযুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগে মনির উদ্দিন উল্লেখ করেন, চরকিং ইউনিয়নে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় আক্তার হোসেন নামে এক প্রার্থীকে ডিলার হিসেবে নির্বাচিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার প্রতিষ্ঠানের নাম ‘মেসার্স ওয়াসিম এন্টারপ্রাইজ’।

আবেদনে দাবি করা হয়, সরকারি সার ডিলার নিয়োগ ও পরিচালনা নীতিমালা অনুযায়ী ডিলারের গুদামের ন্যূনতম ধারণক্ষমতা ২৫ মেট্রিক টন হওয়া প্রয়োজন। অথচ সংশ্লিষ্ট প্রার্থীর গুদামের দৈর্ঘ্য ২৩ ফুট ও প্রস্থ ১৪ ফুট। সেই হিসাবে গুদামটির মেঝের আয়তন ৩২২ বর্গফুট। উপজেলা প্রকৌশলী এমদাদুল হকের প্রত্যয়নপত্রেও গুদামটির পরিমাপ উল্লেখ রয়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এ আয়তনের গুদামে নির্ধারিত ২৫ মেট্রিক টন সার সংরক্ষণের সক্ষমতা রয়েছে কি না, তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। প্রয়োজনীয় শর্ত পূরণ না করে ডিলার নিয়োগ দেওয়া হলে সরকারি নীতিমালা লঙ্ঘিত হতে পারে। সরেজমিনে গুদাম পরিদর্শনেও এর ধারণক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বলে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা