× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে ব্যবসা-বাণিজ্য, দুর্ভোগে গাজীপুর নগরবাসী

গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৩:৫৭ পিএম

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিকল্পিত উন্নয়ন, শত শত কোটি টাকার বাজেট আর আধুনিক নগরায়নের উদ্যোগ কোনো কিছুই গতি ফেরাতে পারছে না গাজীপুর মহানগরের। 

নগরীর সড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান, অটোরিকশা ও সিএনজি স্ট্যাণ্ড সবই এখন স্বাভাবিক বিষয়। এতে কর্তৃপক্ষের নানা পরিকল্পনা আজ রূপ নিয়েছে নগরবাসীর দুঃস্বপ্নে। একটি আধুনিক ও সম্ভাবনাময় নগরী গড়ার পরিকল্পনার অংশ হিসেবে কখনো ফ্লাইওভার নির্মাণ, কখনো উচ্ছেদ অভিযান, আবার কখনো সড়ক প্রশস্ত করা হয়। তবে কর্তৃপক্ষ যতই পদক্ষেপ নেয় বাস্তবতা যেন ততই উল্টো হয়।

সরেজমিনে টঙ্গী থেকে গাজীপুর ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেইট, বোর্ড বাজার, বাসন, গাছাসহ প্রায় সর্বত্র দেখা যায়Ñ মহাসড়ক দখল করে গাড়ি পার্কিং ও অস্থায়ী দোকানপাট স্থাপনের ফলে মহাসড়ক সংকুচিত হয়ে পড়েছে। তবে মাঝেমধ্যে স্থানীয় প্রশাসন মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও রাজনৈতিক পরিচয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি বলেন, আমাদের দলের (বিএনপি ) নাম ভাঙ্গিয়ে ফুটপাত বা মহাসড়কে ব্যবসা করার কোনো সুযোগ নেই। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় গাজীপুরের প্রশাসক খুব শীঘ্রি একটি সুন্দর নগরী গড়ে তুলবেন।

জানা যায়, গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের নিয়ন্ত্রণাধীন আর-৩১০ আঞ্চলিক সড়কটি গাজীপুর মহানগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সড়কের ওপরই অবস্থিত গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়, জেলা এলজিইডি, পাসপোর্ট, মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার, জেলা কারাগার, ধান ও কৃষি গবেষণা ইনিস্টিউট, প্রধান ডাকঘর, পুলিশ সুপার, আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়। আর এসব সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করে এই সড়ক। এছাড়াও স্থানীয়দেরও একমাত্র প্রধান সড়ক হওয়ায় অন্যান্য সড়কের চেয়ে অধিক চাপ থাকে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে নরসিংদী অভিমুখী সড়কটি। মাঝখানে আবার জয়দেবপুর জংশনে দৈনিক প্রায় ৩০ জোড়া বা ৬০টি ট্রেন উভয়মুখী-আসা-যাওয়া করায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। অন্যদিকে প্রধান সড়কের ওপর ফাস্টফুড, ফল, সবজি, মাছ, মোবাইল এক্সেসরিজ, কাপড়সহ বিভিন্ন দোকানের কারণে ৭.৩ মিটার বা ২৪ ফুটের সড়কে যানবাহনের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে।

খোদ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সকালে বিভিন্ন যানবাহনের ভিড় লেগে থাকে এবং বিকালে পসরা সাজিয়ে বসে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। এভাবেই চলছে প্রতিদিন। তবে মাঝেসাঝে জেলা প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও নির্বিকার সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপদ বিভাগ। অন্যদিকে সওজের দাবি গাজীপুর মহানগরের শিববাড়ি থেকে হারিনাল পর্যন্ত সড়কটি দেখভালের দায়িত্বে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন।

গাজীপুর চান্দনা চৌরাস্তা মহাসড়কের ওপর এক ব্যবসায়ী নাম পরিচয় প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা প্রতিদিন ১২০ টাকা দিয়ে মহাসড়কে ব্যবসা করি। মাঝেমধ্যে অভিযান চালানো হয়। তবে অভিযান চালানো হবেÑ এ খবর আমরা নেতাদের মাধ্যমে আগেই পেয়ে যাই। তখন সাবধান হয়ে যাই আমরা। কে টাকা নেন তার নাম পরিচয় বলেননি এই ব্যবসায়ী।

নগরবাসীর দুর্ভোগের বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সুদীপ বসাক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ আমরা নিয়েছি। আশা করছি আগামী জানুয়ারির মধ্যে সব সমস্যার নিরসন হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা