গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১২:৫৭ পিএম
সন্তানকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। ছবি: ভিডিও থেকে
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি আবাসিক মাদরাসায় ছয় বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি।
তিনি দাবি করেছেন, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন, কোনো ধরনের মব সৃষ্টি করতে নয়। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
শনিবার রাত ৩টার দিকে সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন রুমি। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন তার বন্ধু তাজ।
সংবাদ সম্মেলনে শাহজালাল রুমি বলেন, “আমি আমার সন্তানের বিচার চাইতে মাদরাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করছে, আমি মব সৃষ্টি করেছি এবং ফ্ল্যাট দখল করতে গিয়েছি। আমি কেন মব সৃষ্টি করব? আমি একজন বাবা হিসেবে আমার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে গিয়েছিলাম”।
তিনি জানান, তিনি মাদরাসা বা শিক্ষকদের বিরুদ্ধে নন। মেয়েকে দ্বীনি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ওই প্রতিষ্ঠানে ভর্তি করেছিলেন। তবে সেখানে সন্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি উদ্বিগ্ন।
তার ভাষ্য, ধর্মীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে কিংবা সত্য আড়াল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কথা বলা জরুরি।
মাদরাসার অধ্যক্ষকে ঘটনার বিষয়ে আগেই জানিয়েছিলেন বলে দাবি করেন রুমি। তিনি বলেন, “ঘটনার বিষয়ে তিন দিন আগেই অধ্যক্ষের কাছে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু অধ্যক্ষ বারবার বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও তিনি প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন রুমি।
শিশুটিকে অভিযুক্ত শিক্ষক হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। রুমির ভাষ্য, বাসায় গিয়ে কাউকে ঘটনা জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে ভয়ে শিশুটি তিন দিন বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরে মায়ের কাছে ঘটনা প্রকাশ করে।
রুমি আরও জানান, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতে তিনি আবারও মেয়েকে মাদরাসায় পাঠিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে অভিযোগ সামনে আসায় তিনি আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। অভিযুক্ত ব্যক্তি শিশুটির নানাকে বার্তা দিয়ে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার কথা জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে মামলা হওয়ার প্রসঙ্গে শাহজালাল রুমি জানান, শুক্রবার বিকালে তিনি জানতে পেরেছেন, তার নামে মামলা হয়েছে। আইন তাকে অপরাধী মনে করলে আইনি প্রক্রিয়ায় যে শাস্তি হবে, তা মেনে নেবেন বলেও জানিয়েছেন রুমি।
তিনি বলেন, “আইনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি মামলায় লড়ব। তবে আমার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনারও সুষ্ঠু বিচার চাই”।
মাদরাসা থেকে ১৭ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার দাবি জানান রুমি। তার প্রশ্ন, তিনি কোথা থেকে ওই পরিমাণ টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে, তা ফুটেজ যাচাই করলেই পরিষ্কার হওয়া উচিত। একই সঙ্গে মাদরাসায় এত টাকা কীভাবে রাখা হয়েছিল, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।