প্রতীকী ছবি
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং একই এলাকার মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন রুহান (১৮)।
আহত দুজন হলেন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে সিয়াম একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুজন ছিলেন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির আরোহী।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেরামত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।