প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১১:০৫ এএম
ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে এক গৃহবধূর মাথার চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন।
সদর উপজেলার করাতিপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কালীগঞ্জ ভূমি অফিসে কর্মরত একই গ্রামের এক বাসিন্দার সঙ্গে ওই গৃহবধূর পরকীয়া সম্পর্ক রয়েছে- এমন অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন তন্নী খাতুন (টনি খাতুন) নামের এক নারী।
এরই জেরে বৃহস্পতিবার বিকালে তন্নী খাতুন তার দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশী আব্দুর রশিদসহ কয়েকজনকে নিয়ে ওই গৃহবধুর বাড়িতে যান এবং তারা ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এ সময় ওই গৃহবধুকে মারধরের পাশাপাশি মাথার চুল কেটে দেওয়া হয় এবং শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে দেওয়া হয়।
সুচিত্রার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে ওই রাতেই তিনি থানায় গিয়ে মামলা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদ-উজ-জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।