× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৩৩ এএম

ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।

উপজেলার সরিষা ইউনিয়নের ডেকুয়ারচর গ্রামের একটি ফুটবল খেলার মাঠের কাছে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রিয়াজুল আলম শাহীন (৩০)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামে। তার বাবার নাম মৃত মজিবুর রহমান।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিস্ফোরক ও মাদকদ্রব্য-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে সরিষা ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে রঙতরঙ্গ সংগঠনের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল খেলা শুরু হয়। খেলার উদ্বোধন করেন সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল্লাহ খান জামান। এ সময় খেলা দেখতে সেখানে উপস্থিত হন শাহীন।

পরে তার অবস্থানের খবর পেয়ে আঠারবাড়ী রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্য অনুযায়ী, শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কয়েকজন ব্যক্তি বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শাহীনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলা হয়।

পরে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ সময় অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি সন্ত্রাসবিরোধী আইনে এবং একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে। মামলাগুলো যথাক্রমে ২০১৬ সালের ২ আগস্ট, ২০২৫ সালের ৫ জানুয়ারি এবং ২০২৬ সালের ১২ আগস্ট দায়ের করা হয়।

ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আহাম্মদ ওরফে মিলন মিয়া বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না; কাছের একটি চায়ের দোকানে ছিলেন। সেখান থেকে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে ধস্তাধস্তি হতে দেখেছেন।

তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় তার নাম জড়াচ্ছেন।

সরিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ স্বপনও অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে তার নাম জড়ানো হচ্ছে। তিনি পুলিশকে আটক ব্যক্তিকে নিয়ে যেতে বারবার বলেছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, শাহীন মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়।

এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে পালাতে সহযোগিতা করা হয় বলে দাবি করেন তিনি।

তবে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া কিংবা গ্রেপ্তারের পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে- এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেন ওসি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা