খুলনা অফিস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:৪৫ পিএম
প্রতিকী ছবি
খুলনায় এজাক্স জুট মিলে যন্ত্রপাতি চুরির উদ্দেশ্যে প্রবেশের পর নিরাপত্তাপ্রহরীদের ধাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সম্রাট ঢালী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই যুবক পালিয়ে যায়। নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্রাট ঢালী দৌলতপুর থানার সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে সম্রাটসহ তিন যুবক খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকার এজাক্স জুট মিলে প্রবেশ করে। এ সময় মিলের নিরাপত্তাপ্রহরীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও সম্রাট মিলের ছাদ থেকে লাফ দেয়। এতে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খানজাহান আলী থানার ওসি আবুল বাসার বলেন, যন্ত্রপাতি চুরির উদ্দেশ্যে সম্রাটসহ তিনজন মিলে প্রবেশ করেছিল। নিরাপত্তাপ্রহরীদের ধাওয়ায় দুজন পালিয়ে গেলেও সম্রাট ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্রাটের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।