রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:০৯ পিএম
সাজেকে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খাগড়াছড়ির পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সাজেকে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আবারও অচলাবস্থা তৈরি হয়েছে। দুই পাহাড়ি সংগঠনের ডাকা টানা অবরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারি ও টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে বারবার অবরোধের কারণে পর্যটন শিল্পে বড় ধরনের ধস নামায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন খাগড়াছড়ির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন মালিকেরা। ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সাজেক-বাঘাইহাট সড়কে অবরোধের কারণে ওই এলাকার স্বাভাবিক জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। শুক্রবার এলাকার কোনো দোকানপাট খোলেনি। সাজেক কটেজ মালিক সমিতির নেতা রাহুল চাকমা জানান, সবকিছু বন্ধ থাকায় সেখানে একধরনের আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সাধারণ মানুষের জানমাল রক্ষা ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সাজেক-বাঘাইহাট সড়কসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে নিরাপত্তা চৌকি বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। দিন-রাত বিজিবির নিয়মিত টহলের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।’ সামাজিক মাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার সাজেকে আটকা পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়ার পথে সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বাহিনীর ৭ সদস্য আহত হন। তবে ইউপিডিএফ এ গোলাগুলির ঘটনার কথা অস্বীকার করেছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফের মধ্যকার আধিপত্য বিস্তারের বিরোধ থেকেই এই অবরোধের সূচনা। ইউপিডিএফ-সমর্থিত ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ তিন দফা দাবিতে এই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, মাছালং এলাকায় জেএসএসের সশস্ত্র সদস্যরা সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। তবে জেএসএসের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘সাজেকে ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা ও সাধারণ মানুষের ওপর শোষণ-পীড়নের ঘটনা থেকে দৃষ্টি সরাতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।’
নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার সন্ধ্যা থেকেই সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এর ওপর শনিবার নতুন করে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ রাঙামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস অবরোধের ডাক দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সাজেক বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ। এর প্রতিবাদে শুক্রবার বিকালে খাগড়াছড়ি সরকারি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন নেতারা। মিছিলটি শাপলা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, ‘পর্যটন এখানকার অর্থনীতির মূল চালিকাশক্তি। পর্যটন বন্ধ হলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়বে। দ্রুত সাজেক পর্যটনকেন্দ্র খুলে দিতে হবে।’
ইকো ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইটাব) সদস্য উজ্জ্বল দে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নামসর্বস্ব প্রতিষ্ঠান সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অবরোধের ডাক দিচ্ছে, আর দুই সংগঠনের বিরোধে আমাদের ব্যবসায়ীরা বলির পাঁঠা হচ্ছেন। ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক খুলে না দিলে আমরা আরও বড় আন্দোলন গড়ে তুলব।’