কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:০৫ পিএম
কক্সবাজারে সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারে ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুনের রেশ কাটতে না কাটতেই সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে।
এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই নিরাপদে হোটেল থেকে বের হয়ে আসেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্য ও হোটেল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে হোটেলের পার্কিং এলাকার জেনারেটরসহ বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
দ্য সি প্রিসেন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, আমাদের হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। হোটেলে অবস্থান করা পর্যটকরাও নিরাপদে আছেন।
এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের আরেকটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।