গাজীপুরে দুই ছেলেসহ মা-বাবা দগ্ধ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:০১ পিএম
গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম ভুরুলিয়া এলাকায় টিন শেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অগ্নিকাণ্ডে কক্সবাজারের কুতুবদিয়ায় ৩৩ বসতঘর এবং বাগেরহাটের মোরেলগঞ্জে পাঁচটি দোকান ও গাজীপুরে বসতবাড়িসহ অন্যান্য পুড়ে গেছে। এতে দুই ছেলেসহ মা-বাবা দগ্ধ হয়েছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
গাজীপুর : গাজীপুরে বসতবাড়িতে আগুনে দুই ছেলেসহ মা-বাবা দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বসতবাড়ি ৬টি কক্ষ, দুইটি মোটরসাইকেল, বাসার আসবাবপত্র পুড়ে যায়। এতে ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকাল সোয় ৫টায় গাজীপুর ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম ভুরুলিয়া (লালমাটি) এলাকায় মিয়াজ উদ্দিন প্রধানের টিন শেড (হাফ বিল্ডিং) বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই বাড়ির ৬টি কক্ষ ক্ষতিগ্রস্থ হয় এবং দুই ছেলেসহ বাবা-মা দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে শুনেছি।
কক্সবাজার : জেলার কুতুবদিয়া আলী আকবর ডেইল জেলে পাড়ায় আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে ৩৩টি বসতঘর। শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, হঠাৎ দিদার জলদাসের বাড়িতে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে পুরো পাড়ায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রান্নার চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, জেলে পাড়ায় ৩৩টি কাঁচাপাকা ঘর পুড়ে গেছে। ২টি টীমসহ এলাকাবাসি মিলে ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।