শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২০:৫৪ পিএম
প্রতিকী ছবি
মাগুরার শ্রীপুরে বিজয়া দশমীর রাতে অতিরিক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু হয়েছে। দুই যুবকের একজন মুসলিম ও অপরজন সনাতন ধর্মের অনুসারী।
বুধবার বিজয়া দশমীর রাতে মদ পান করে অসুস্থ হয়ে পড়ার পর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মাগুরা সদর হাসপাতালে তারা মারা যান।
তারা হলেনÑ শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২২) এবং একই ইউনিয়নের বাখেরা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৩৮)। বর্তমানে মৃত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিজয়া দশমীর রাতে উপজেলার জারিয়া চতুর্থপল্লী মহাশ্মশান দুর্গামন্দির এলাকায় বিধান ও আলমগীর অতিরিক্ত মদ পান করেন। বাড়ি ফেরার পর তারা তীব্র অসুস্থ অনুভব করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে তাদের উভয়েরই মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ পান ও বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।