সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২০:৫৩ পিএম
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ ১৫ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা।
শুক্রবার সকাল ১০টা থেকে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে কারখানাটির কর্তৃপক্ষ। এর আগে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছিল। তবে চালুর মাত্র দুই দিনের মাথায় কারিগরি ত্রুটির কারণে বয়লারে লিকেজ দেখা দেওয়ায় আবারও বন্ধ হয় উৎপাদন কার্যক্রম। শুক্রবার সকাল থেকে পুনরায় উৎপাদনে ফিরেছে কারখানাটি।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে থাকে যমুনা সার কারখানা।