রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২০:৫২ পিএম
রূপগঞ্জে এক যুবক ও কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেনÑ রাহাত মোড়ল, ফেরদৌস হাওলাদার, টিপু মিয়া ও রায়হান।
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আল-রাফি হাসপাতালের সামনে পাকা রাস্তা থেকে আব্দুস সহিদ ওরফে লাদেন এবং রুমিনা আক্তারকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির ভাড়াটিয়া রায়হানের ভাড়া করা একটি কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আটক অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।