× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনা চিকিৎসায় দেড় মাসের শিশুর করুণ মৃত্যু

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২০:৪০ পিএম

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ মানেই মুমূর্ষু রোগীর শেষ ভরসাস্থল। কিন্তু সেখানেও চিকিৎসক না থাকা যেন নিত্যদিনের চিত্র। স্বজনদের করুণ আকুতি আর বুকফাটা আর্তনাদেও মন গলেনি হাসপাতাল কর্তৃপক্ষের।

মেলেনি কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা। চিকিৎসকের অপেক্ষায় কাটল দীর্ঘ সময়; শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় হাসপাতালেই প্রাণ গেল মাত্র দেড় মাসের নিষ্পাপ শিশু মুয়াজ আব্দুল্লাহর। 

স্বাস্থ্য কমপ্লেক্সটির চরম অব্যবস্থাপনা, চিকিৎসকদের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই অবুঝ শিশুটির অকালমৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয়দের দাবি, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় রোগী মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়, প্রতিনিয়তই ঘটছে এমন কাণ্ড।

গত বৃহস্পতিবার সকালে খুলনা জেলার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। নিহত শিশু মুয়াজ উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের প্রভাষক মাসুম বিল্লাহ ও মুমতাহিনা দম্পতির সন্তান। নিষ্পাপ শিশুর এমন মৃত্যুতে হাসপাতাল প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন সেবা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয়রা।

সন্তানহারা শোকে দিশাহারা পিতা প্রভাষক মাসুম বিল্লাহ বলেন, সন্তানকে বাঁচাতে হাসপাতালে ছুটে এসেছিলাম, কিন্তু এসে দেখি জরুরি বিভাগে কোনো ডাক্তারই নেই! ঘণ্টার পর ঘণ্টা আকুতি জানালেও কেউ একজন ডাক্তার ডেকে দেওয়ার প্রয়োজন মনে করেননি। ডাক্তারের চরম অবহেলায়ই চোখের সামনে আমার কোল খালি হলো। এই হাসপাতালে চিকিৎসার নামে প্রহসন চলছে, এর আগেও এভাবে একাধিক রোগীর প্রাণ গেছে। আমরা এই প্রশাসনিক অবহেলার দৃষ্টান্তমূলক বিচার চাই।

নিহত শিশুর মামা মোহাইমিনুল ইসলাম রাকিব বলেন, জরুরি বিভাগে ডাক্তার না রেখে একজন অ্যাসিস্ট্যান্ট দিয়ে চিকিৎসাকার্য চালানো হচ্ছিল। সে-ও বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলে নেবুলাইজেশন করিয়ে দায় সেরেছে। জরুরি অবস্থায় ডাক্তার ডাকার তাগিদ তাদের ছিল না। অবহেলায় মৃত্যু ডেকে এনে এখন ছুটির অজুহাত দেখানো হচ্ছে।

দায় স্বীকার করে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম বলেন, জরুরি বিভাগ থেকে বহির্বিভাগে থাকা চিকিৎসকের কাছে রোগী পাঠানোর ক্ষেত্রে কমিউনিটি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মারাত্মক ভুল ও গাফিলতি ছিল। ডাক্তার উপস্থিত থাকা সত্ত্বেও স্বজনদের সঙ্গে যোগাযোগ না করানো চরম দায়িত্বহীনতা। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ পাঠাচ্ছি।

তবে স্থানীয় সচেতন মহলের দাবি, কেবল লিখিত সুপারিশে সীমাবদ্ধ না রেখে ঘটনার পেছনে দায়ী প্রত্যেককে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে, যেন সরকারি এই হাসপাতালে চিকিৎসার নামে আর কোনো প্রাণ এভাবে ঝরে না পড়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা