ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
সানোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২০:৩৫ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬ ২০:৪১ পিএম
চৌদ্দগ্রাম বাজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় বাড়ছে ছিনতাই আতঙ্ক। সাম্প্রতিক সময়ে সিএনজি অটোরিকশা ও মিশুক চালকের ছদ্মবেশে ছিনতাইয়ে নিশানা করা হচ্ছে নারীদের। দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক বেড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও বিশেষ করে নারীদের মাঝে।
জানা গেছে, দৈনন্দিন কাজে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাতায়াত করেন। স্বল্প দূরত্বে যাতায়াতের অন্যতম ও সহজ মাধ্যম সিএনজি অটোরিকশা ও মিশুক। চালকবেশে যাত্রী উঠিয়ে নির্জন স্থান পেলে এই চালকরাই হয়ে উঠছেন ছিনতাইকারী। কিছু কিছু ঘটনায় চালকের সাথে সহযোগী থাকার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।
গত রবিবার দুপুরে মিশুক নিয়ে রোগী দেখতে ট্রেনিং সেন্টার থেকে হাড়িসর্দার এলাকায় যাচ্ছিলেন চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. জিনিয়া জামান। পথিমধ্যে মহাসড়কের অফ-বিট হোটেলের সামনে পেছন থেকে আসা সিএনজি অটোরিকশা থেকে হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এতে অন্তঃসত্ত্বা ওই চিকিৎসক পড়ে আহত হন।
গত ৭ সেপ্টেম্বর বিকালে ছিনতাইয়ের শিকার হন হাছিনা বেগম (৩৮) নামের অপর এক নারী। মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী থেকে পার্শ্ববর্তী পদুয়ার উদ্দেশে সিএনজি অটোরিকশায় চড়েন তিনি। সিএনজিতে থাকা চালক ও যাত্রীবেশে ছিনতাইকারী চক্র তাকে অজ্ঞান করে মহাসড়কের ফালগুনকরা দিঘী ও মাজারের মাঝামাঝি একটি নির্জন স্থানে মারধর করে তার দুটি কানের দুল, মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
এর পরদিন ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে মহাসড়কের চৌদ্দগ্রামের চিওড়া রাস্তার মাথা থেকে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন আবদুল আলিম ফরায়েজী নামে এক ব্যবসায়ী। এ সময় সিএনজিতে থাকা চালকসহ দুর্বৃত্তরা আবদুল আলিম ফরায়েজীকে কুপিয়ে জখম করে সাথে থাকা নগদ টাকা লুটে নেয় এবং সিএনজি অটোরিকশা থেকে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এর দুইদিন পর গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিনতাইয়ের শিকার হন উপজেলার আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাহিমা আক্তার। তিনি জগন্নাথদিঘী এলাকার তার শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে মহাসড়কের পদুয়া রাস্তার মাথা থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় থাকা চক্র আঞ্জুমান আরা বিদ্যালয়ের সামনে না নামিয়ে তাকে মারধর করে তার সাথে থাকা মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাই করে চিওড়া এলাকায় ফেলে যায়।
গত ১৯ সেপ্টেম্বর বিকালে মুরাদনগর থানার সুমন্ডা গ্রামের মো. আলাউদ্দিন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে যাত্রী হয়ে মাইক্রোতে ওঠেন। এ সময় মাইক্রোতে থাকা ছিনতাইকারী চক্র রাত ১০টার দিকে তাকে মেরে সবকিছু নিয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের কাঁঠাল গাছতলায় ফেলে চলে যায়।
একই মাসের ২৭ সেপ্টেম্বর রবিবার রাত ১১টার সময় ছিনতাইয়ের শিকার হন চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন আজমির হোটেলের মালিক পারভেজের পরিবার। পারভেজের বাবা নজির আহাম্মদ জানান, তার ছেলে, ছেলের বউ, ভাতিজি ঐদিন বিসিক শিল্পনগরী সংলগ্ন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বের হন। এ সময় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে অটোরিকশাতে থাকা একটি চক্র চলন্ত অবস্থায় টান দিয়ে হাতব্যাগ নিয়ে যায়। এ সময় তাৎক্ষণিক দৌড়িয়েও আর অটোরিকশাটি ধরতে পারেনি।
এ বিষয়ে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ নিরঞ্জন কুমার বলেন, ‘মহাসড়কে আমাদের টহল জোরদার করা হয়েছে, হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত আছে। মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে টহল টিমকে আরো সক্রিয় করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসাইন এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বলেন, ‘প্রায়ই কিছু কিছু সিএনজি অটোরিকশার মধ্যে লোক বসে থাকে এবং পথের মধ্যে যাত্রী উঠিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে।’