পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৯:৫৩ পিএম
পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক প্রামাণিককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতা ওই মাদ্রাসায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আবু ইউসুফ প্রামাণিককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই মাদ্রাসায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের দড়িভাউডাঙ্গা গ্রামে নুরে মদিনা মহিলা কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবু ইউসুফ তিনি পার্শ্ববর্তী সাদুল্লাহপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ওই মাদরাসার পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় মাদ্রাসাটি পরিচালনা করে আসছিলেন আবু ইউসুফ। মাদ্রাসাটিতে আবাসিক ব্যবস্থাও ছিল। তিনি স্ত্রীকে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণেই বসবাস করতেন। ঘটনার দিন স্ত্রী বাড়িত তিনি মাদ্রাসায় একা ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে নাজেরা বিভাগের এক ছাত্রী রাতে বাইরে বের হলে তাকে জোরপূর্বক একটি রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক মো. আবু ইউসুফ।
এ সময় ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়। গতকাল ভোরে বিক্ষুব্ধ লোকজন আবার মাদ্রাসায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ জানায়, ওই মাদ্রাসার ৬০ শিক্ষার্থীর ৩০ জনই আবাসিক। রাতেই আবাসিক শিক্ষার্থীদের উদ্ধার করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা পুলিশ সুপার আশরাফ বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।