ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৯:৩৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় ওসির কক্ষে গিয়ে বাদানুবাদে জড়িয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় ওসির কক্ষে গিয়ে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি থানায় যান। এ সময় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে নিরাপত্তা না দেওয়া এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলেন তিনি। একপর্যায়ে ওসিকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজার সময় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা চেয়েছিলেন রুমিন ফারহানা। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া তার নিরাপত্তার ব্যবস্থা করেননি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার কারণ জানতে এবং ওসির বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলতে বৃহস্পতিবার রাতে থানায় যান সংসদ সদস্য। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।
এ সময় রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি। তার দাবি, ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় নিয়ে এসেছেন। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
রুমিন ফারহানার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, সংসদ সদস্য শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেন। কিছু লোককে শিখিয়ে নিয়ে এসে তার বিরুদ্ধে ‘আজেবাজে কথা’ বলানো হয় বলেও দাবি করেন তিনি।
ওসি আরও বলেন, তাকে ইটভাটা থেকে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। কিন্তু হাওরে সব ইটভাটা পানির নিচে। পূজার সময় পুরো থানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগতভাবে সংসদ সদস্যের সঙ্গে পুলিশের একটি দল রাখা তখন কঠিন ছিল।
রুমিন ফারহানা বলেন, ওসি তাকে জানিয়েছেন, তিনি নির্বাচিত সংসদ সদস্য এবং তার নিরাপত্তা মানুষই দেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এজন্যই মানুষ যা দেখছেন, ওরা আমার নিরাপত্তা দিচ্ছে। আমার তো নিরাপত্তা লাগবে।’
ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটার কাজে অর্থ নেওয়া এবং ইটভাটা থেকে টাকা নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, এলাকাটি দাঙ্গাপ্রবণ। দাঙ্গার পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসব বিষয় জানতে তিনি থানায় গিয়েছিলেন। তার ভাষায়, একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে ওসি যে ধরনের আচরণ করেছেন, তা গ্রহণযোগ্য নয়।