× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহেদ ফিরলেন কফিনে

দুই শিশু সন্তান নিয়ে দিশাহারা স্ত্রী কাকলী

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৯:৩৪ পিএম

বগুড়ার শাজাহানপুরের মাদলা গ্রামের বাড়িতে সাহেদের কফিন পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরের মাদলা গ্রামের বাড়িতে সাহেদের কফিন পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুই বছর পর এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন সাহেদ আহম্মেদ আশিক (৩৫)। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সৌদি আরবে কর্মস্থলে ফিরছিলেন তিনি। রিয়াদ বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলীকে ফোন করে জানিয়েছিলেন, পরের ফ্লাইটে জেদ্দায় যাবেন।

সেখানে পৌঁছে আবার ফোন করবেন। কিন্তু সেই ফোন আর আসেনি। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ শুক্রবার সকালে দেশে পৌঁছায়।

ঢাকায় সাহেদের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে স্বজনরা মরদেহ নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। সেখানে কফিন পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বাকরুদ্ধ হয়ে পড়েন সাহেদের মা ও স্ত্রী। বাবাকে হারিয়ে শোকের মধ্যে রয়েছে তার ১১ ও ৬ বছর বয়সী দুই সন্তান। শুক্রবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে সাহেদকে দাফন করা হয়। শেষবারের মতো তাকে বিদায় জানাতে জানাজায় অংশ নেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন সাহেদ। ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথেই তার মৃত্যু হয়।

সাহেদের পরিবারের সদস্যরা জানান, দুই বছর পর এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন তিনি। ছুটি শেষে সৌদি আরবে ফেরার পর রিয়াদ বিমানবন্দর থেকে স্ত্রীর সঙ্গে কথা বলেন। পরের ফ্লাইটে জেদ্দায় যাওয়ার কথা জানিয়ে সেখানে পৌঁছে আবার ফোন করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ে। পরে তারা সাহেদের মৃত্যুসংবাদ পান।

সাহেদের বাবা দুই দশকের বেশি সময় ধরে সৌদি আরবে কাজ করছেন। চার দিন আগে তার মা ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বাবার পথ অনুসরণ করে প্রায় দুই বছর আগে প্রবাসজীবন শুরু করেছিলেন সাহেদ।

স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন কাকলী। পরিবারের সদস্যদের হাতে সাহেদের মরদেহ পৌঁছানোর দিনই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সাহেদের বকেয়া বেতন, ভাতা ও চাকরি সংক্রান্ত সুবিধা বাবদ প্রায় ৯ লাখ টাকা বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছে তার নিয়োগকর্তা প্রতিষ্ঠান। এ অর্থ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় নথি যাচাই করে অতিরিক্ত আর্থিক ও বীমা সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সরকার।

এদিকে সাহেদের মরদেহ পৌঁছানোর পর তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী, শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল এবং মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। এ সময় বগুড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে সাহেদের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা