× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দ্য ডিসেস্ট’-এর এক প্রতিবেদন

টঙ্গীর ঘটনায় ‘যাচাই–বাছাই’র দাবি, সাতক্ষীরায় পিটিয়ে হত্যায় ছিল সমর্থন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৭:৪৯ পিএম

ছবি: দ্য ডিসেস্ট

ছবি: দ্য ডিসেস্ট

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যাচাই–বাছাই’ ও ‘আইনের আশ্রয় নেওয়ার’ পক্ষে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন আলেম ও ইসলামি বক্তা। অথচ সম্প্রতি সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এই ব্যক্তিদেরই অনেকে কোনো ধরনের তদন্ত ছাড়াই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া ব্যক্তির মুক্তি ও প্রশংসায় সরব ছিলেন। 

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডিসেস্ট’-এর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বেলা পৌনে ১২টার দিকে টঙ্গীর ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার উপাধ্যক্ষ মুসলেউদ্দিনের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা ও স্থানীয় জনতা ওই শিক্ষককে মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে প্রচারণা শুরু করেন বেশ কয়েকজন আলেম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী।

নারায়ণগঞ্জের বাইতুন নূর পানাম সিটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইসলামী বক্তা হাফেজ মাওলানা ইসমাইল সিদ্দিকী ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, একটি শিশুকে চুমু দেওয়া এত বড় অপরাধ কি না এবং বিচার ছাড়া কেন গণপিটুনি দেওয়া হলো। আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “হতে পারে, শিক্ষক শিশুটিকে স্নেহ করে চুমু দিয়েছেন। আবার এটাও হতে পারে, তার আচরণটি অনুচিত ছিল। ভিডিওর পুরো ঘটনা ও প্রেক্ষাপট না জেনে কাউকে নির্দোষ কিংবা অপরাধী ঘোষণা করা আমাদের উচিত নয়। শিশুর বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনতে হবে, তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কিন্তু অভিযোগ প্রমাণের আগেই কাউকে গণপিটুনি দেওয়ার অধিকার কারও নেই। কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলেও তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের, উত্তেজিত জনতার নয়।”

মাওলানা ইসমাইল সিদ্দিকী ছাড়াও একাধিক ব্যক্তি মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাদের অনেকেই সম্প্রতি সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিটিয়ে হত্যার ঘটনাটিকে সমর্থন করেছিলেন।

শামীমকে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দেওয়া ব্যক্তি হলেন কারী ফজলুল হক আমিনী, যিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেলচালক এবং সুযোগ পেলে ‘প্রক্সিতে ইমামতি’ করেন। হত্যাকাণ্ডের পরও কোনো অনুশোচনা প্রকাশ না করে তিনি উল্টো গর্ব প্রকাশ করেছিলেন। অথচ শামীমের পরিবার জানিয়েছিল, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং একাধিকবার মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসাও নিয়েছেন।

এমনকি হত্যার নেতৃত্ব দেওয়া আমিনী নিজেও স্বীকার করেছিলেন যে তিনি শামীমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করেননি। জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, “না, ওইভাবে যাচাই আমি করার সুযোগ হয়নি, তবে যারা আমার কাছে এগুলো ইনফরমেশনগুলো দিছে তারা ওর একেবারে নিকটতম মানুষ।” শামীম যে মানসিকভাবে অসুস্থ ছিলেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে আমিনী বলেন, “যদি কোনোভাবে প্রমাণিত হয় সে আসলে অসুস্থ ছিল, তাহলে তো ভিন্ন কথা। আমি অপরাধী। তার জন্য যে শাস্তি আছে অবশ্যই মাথা পেতে নেব আমি।”

শামীমকে হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আমিনীকে ‘উম্মাহর বীর’, ‘প্রকৃত আশেকে রসুল’, ‘মুসলিম বঙ্গের ইলমুদ্দীন’, ‘বাংলার সিংহ পুরুষ’ ও ‘দ্বীনের মুজাহিদ’ আখ্যা দিয়ে তদন্ত ছাড়াই তার দ্রুত মুক্তির দাবিতে ক্যাম্পেইন চালানো হয়।

প্রতিবেদনে দেখা যায়, সাতক্ষীরায় শামীমের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাইয়ের প্রয়োজন মনে না করলেও টঙ্গীর মাদ্রাসা শিক্ষকের ঘটনায় সেই ব্যক্তিরাই ‘যাচাই–বাছাই’ ও ‘আইনের আশ্রয়’ নেওয়ার ওপর জোর দিচ্ছেন।

যেমন আজিজুল হক আল হাবিবী নামের এক আলেম ফেসবুকে প্রশ্ন তোলেন, “একটা আলেমকে কোনরকম তদন্ত ছাড়া এভাবে মারধর করা এটা কোন দেশের আইন?” অথচ সাতক্ষীরায় শামীম হত্যার ঘটনায় নেতৃত্ব দেওয়া আমিনীর মুক্তি চেয়ে তদন্ত ছাড়াই তিনি একাধিক পোস্ট দিয়েছিলেন।

মাজহারুল ইসলাম নামের আরেকটি ফেসবুক আইডি থেকে টঙ্গীর ঘটনায় শিশুটির বাবার বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়ে মারধরের ঘটনার প্রতিবাদ করা হয়। কিন্তু তাঁর আইডিতেও সাতক্ষীরায় হত্যাকাণ্ডের ঘটনায় কোনো তদন্ত ছাড়াই আমিনীর মুক্তির দাবি জানানো হয়েছিল।

সাইফুল ইসলাম নামের এক ব্যবহারকারী টঙ্গীর ঘটনা নিয়ে লিখেছেন, “এটার তদন্ত হওয়া উচিত। হুজুরের বিচার এভাবে অভিভাবকরা প্রকাশ্যে প্রতিষ্ঠানে ঢুকে করতে পারেন কি না, সেটাও আলাপে আসা উচিত।” অথচ সাতক্ষীরার ঘটনায় তিনি আমিনীকে ‘ইলমুদ্দীন’ আখ্যা দিয়ে নেতা ঘোষণা করেছিলেন এবং সেখানে কোনো তদন্তের দাবি তোলেননি।

একইভাবে আবদুল হাফিজ হারুনী নামের এক ব্যক্তি টঙ্গীর ঘটনায় লিখেছিলেন, “কোনো অভিযোগ থাকলে সেটি যাচাই-বাছাই করে আইনসম্মতভাবে ব্যবস্থা নেওয়াই উচিত। অভিযোগের সত্যতা যাচাই না করে এভাবে একজন শিক্ষককে দলবল নিয়ে মারধর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” (পরবর্তী সময়ে পোস্টটি সরিয়ে নেওয়া হয়)। তবে তিনিও সাতক্ষীরায় আমিনীর মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণার কথা বললেও ওই হত্যাকাণ্ডের কোনো তদন্ত দাবি করেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা