× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহ

সারের ডিলার নিয়োগে জেলা বিএনপির ‘সভাপতি সিন্ডিকেটের প্রভাব’

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৫:৫৫ পিএম

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। ফাইল ছবি

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। ফাইল ছবি

ঝিনাইদহে সার ডিলার নিয়োগের নতুন তালিকা প্রকাশের পর জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তালিকায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে ডিলারশিপ দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদের ভাই, শ্যালকের স্ত্রী, ঘনিষ্ঠ আত্মীয় এবং ব্যক্তিগত কর্মচারীর নাম তালিকায় থাকায় বিতর্ক আরও জোরালো হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ছাত্রলীগ কর্মী এবং বিভিন্ন সরকারি সুবিধাভোগীর নামও তালিকায় থাকার অভিযোগ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

গত ৯ অক্টোবর শুক্রবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন ডিলারদের তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়।

অভিযোগকারীদের দাবি, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা, ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদাম ও আর্থিক সক্ষমতা যাচাইয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এতে দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত অনেক অভিজ্ঞ ব্যবসায়ী বঞ্চিত হয়েছেন। তবে এসব অভিযোগ যাচাই এবং নিয়োগপ্রক্রিয়ার পূর্ণাঙ্গ তদন্তের ফল এখনো জানা যায়নি।

সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে হরিণাকুণ্ডু উপজেলায়। উপজেলার চাঁদপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের ভাই আব্দুল লতিফকে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিজ্ঞপ্তিতে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য আবেদন চাওয়া হলেও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাকে ডিলার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বিএনপির কর্মী সাকিব হোসেনও প্রশ্ন তুলেছেন।

একই উপজেলার দৌলতপুর ইউনিয়নে সালেহা বেগম মহিলা কলেজের এমপিওভুক্ত শিক্ষক আনিচুর রহমানের স্ত্রী আনোয়ারা নাসরিন ডিলারশিপ পেয়েছেন। তার মেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে স্থানীয়ভাবে উল্লেখ করা হচ্ছে। এ নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে জোড়াদহ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস ডিলার লাল্টু মিয়াও নতুন করে সার ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সদর উপজেলার সাগান্না ইউনিয়নে জেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আল মামুনের শ্যালক হাফিজুর রহমান লিটনের নাম তালিকায় রয়েছে। পাগলাকানাই ইউনিয়নে ডিলারশিপ পাওয়া রাকিব হাসান বন্ধনকে সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ। সদর উপজেলার হলিধানী ইউনিয়নে আমির হোসেনের ডিলারশিপ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, তার প্রয়োজনীয় গুদাম ও আর্থিক সক্ষমতা নেই এবং ব্যাংক সচ্ছলতার সনদ নিয়েও অসংগতি রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতির শ্যালকের স্ত্রী সুরমা হাসান এবং শিমলা-রোকনপুর ইউনিয়নে তার চাচাতো শ্যালক নাজমুল হক মিশুর নাম তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জেলা বিএনপির সভাপতির কর্মচারী আনোয়ার হোসেনও ডিলারশিপ পেয়েছেন বলে জানা গেছে। এসব নিয়োগে রাজনৈতিক পরিচয় ও আত্মীয়তার সম্পর্ক প্রভাব ফেলেছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

মহেশপুর উপজেলায়ও এ নিয়োগকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার শ্যালক এবং উপজেলা যুবলীগের সভাপতির ভাই এহসান রেজার নাম রয়েছে তালিকায়। এ ছাড়া স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ির কেয়ারটেকার হিসেবে পরিচিত হাবিবুর রহমান বুল্লা, যাদবপুর ইউনিয়নে সবুর খান এবং বাঁশবাড়িয়া ইউনিয়নে শাকিল রিয়াজ শুভর নামও তালিকাভুক্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির হোসেন উদ্দীন বিশ্বাস বলেন, উপজেলা বিএনপির সভাপতি পাঁচজন প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছিলেন। তিনি নিরপেক্ষ তথ্য দিয়েছিলেন। কিন্তু তালিকা প্রকাশের পর তাদের মনে হয়েছে, তারা আবারও ‘নৌকার তলে’ চাপা পড়েছেন। জেলা পর্যায় থেকে নিয়োগপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করায় ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়ন পাননি বলেও অভিযোগ করেন তিনি।

যাদবপুর ইউনিয়নের বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা খালেদ সাইফুল্লাহ বলেন, তার বাবা ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা ছিলেন এবং দীর্ঘদিন সাব ডিলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার বাবার কাছ থেকে ডিলারশিপ কেড়ে নিয়েছিলেন বলে তিনি দাবি করেন। এবার নতুন করে ডিলার নিয়োগে স্বচ্ছতার প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে শৈলকুপা উপজেলার ১৪টি ও একটি পৌরসভায় সারের ডিলার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ডিলার নিয়োগপ্রক্রিয়ায় অর্থ বাণিজ্যের অভিযোগও সামনে এসেছে। সার ডিলার নিয়োগে পাঁচ কোটি ৯০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা ও ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাফিকুল ইসলাম রাফি। ওই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে রাফিকুল ইসলাম রাফিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

রাফিকুল ইসলাম রাফি দাবি করেন, অনিয়মের বিষয়টি তুলে ধরায় তাকে দল থেকে বহিষ্কারের পেছনে জেলা বিএনপির সভাপতির ভূমিকা রয়েছে। জেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, সার ডিলার নিয়োগে অনিয়মের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে তার উত্থাপিত আর্থিক দুর্নীতির অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তের ফল পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “ডিলার নিয়োগে আমি স্বজনপ্রীতি করেছি এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। এটা কৃষ মন্ত্রণালয়ের বিষয়। সংশ্লিষ্টরা যাকে ভালো মনে করেছেন তাকে ডিলারশিপ নিয়োগ দিয়েছেন। একটা স্বার্থান্বেষী মহল এটাকে পুঁজি করে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে।”

জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মো. নোমান হোসেন বলেন, “স্বচ্ছতার সঙ্গে সারের ডিলার নিয়োগ করা হয়েছে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি দেখানো হয়নি।”

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমন সময়ে সামনে এসেছে, যখন কৃষকদের সামনে বোরো আবাদসহ গুরুত্বপূর্ণ কৃষি মৌসুমের প্রস্তুতি রয়েছে। সার বিতরণব্যবস্থায় অস্বচ্ছতা থাকলে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অভিযোগকারীরা প্রকাশিত তালিকা পুনরায় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক সচ্ছলতার সনদ পরীক্ষা এবং যোগ্যতা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন।

তাদের মতে, রাজনৈতিক পরিচয় কিংবা আত্মীয়তার বদলে ব্যবসায়িক সক্ষমতা, গুদাম সুবিধা, কৃষকদের কাছে সার সরবরাহের সামর্থ্য এবং প্রযোজ্য নীতিমালার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উপকরণ বিতরণব্যবস্থা নিয়ে জনমনে আস্থার সংকট আরও বাড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা