× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্ধারিত সময় পার হলেও অসমাপ্ত সড়ক সংস্কার

গোলাম মুক্তাদির, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৪:৩৬ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬ ১৪:৩৭ পিএম

রায়গঞ্জ থানা কার্যালয়-ভুইয়াগাতী নির্মাণাধীন সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রায়গঞ্জ থানা কার্যালয়-ভুইয়াগাতী নির্মাণাধীন সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যে সময়ের মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা কার্যালয় থেকে ভুইয়াগাতী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা শেষ হয়নি। প্রায় তিন কিলোমিটার সড়কে খোয়া ফেলে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে কাজ। বাকী কাজ কখন শেষ হবে কেউ যেন তা জানে না।

এতে খোয়া সরে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পুরো সড়কজুড়ে উড়ছে ধুলোবালি। এতে পথচারী, শিক্ষার্থী, রোগী ও যানবাহনের চালকসহ প্রতিদিন চলাচলকারী হাজারো মানুষ পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন রায়গঞ্জ উপজেলা পরিষদ, রায়গঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। রায়গঞ্জের সঙ্গে ভুইয়াগাতীসহ আশপাশের এলাকার যোগাযোগের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রায়গঞ্জ থানা কার্যালয় থেকে ভুইয়াগাতী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে ইটের খোয়া বিছানো রয়েছে। দীর্ঘদিন যানবাহন চলাচলের ফলে কোথাও খোয়া সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার সড়ক অসমতল হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সময় প্রচুর ধুলাবালি উড়ছে। এতে সড়কের পাশের বসতবাড়ি ও কৃষিজমিও ধুলায় ঢেকে যাচ্ছে।

স্থানীয় কৃষক  সুলতান মাহমুদ শুভ বলেন, রাস্তার পাশেই আমাদের জমি। অতিরিক্ত ধুলোবালির কারণে জমিগুলোতে চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় উপজেলা পরিষদ, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতেও মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি বলেন, প্রশাসন ও ঠিকাদার কর্তৃপক্ষ সাধারণ মানুষের এই দুর্ভোগ দেখেও দেখছে না। আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করব।

অটোরিকশা চালক  শাহজালাল ও আব্দুস সালামসহ একাধিক চালক বলেন, রাস্তার অর্ধেক কাজ ফেলে রেখে সবাই উধাও হয়ে গেছে। পুরো রাস্তায় ধুলা আর খানাখন্দ। রোগী ও শিশুদের নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা খুবই কষ্টকর।

স্থানীয়দের অভিযোগ, টেন্ডারের সময়সীমা পার হলেও সংস্কারকাজ শেষ না হওয়ায় সড়কটি এখন জনদুর্ভোগ বয়ে এনেছে। দ্রুত কাজ শেষ না হলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে বলে আশঙ্কা তাদের।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান বলেন, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে এবং কাজের বর্তমান অগ্রগতি কীÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বিস্তারিত জেনে আপনাকে জানানো হবে। তবে পরে আর তথ্য জানাননি তিনি।

রায়গঞ্জ উপজেলা ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, সংস্কারকাজ উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে হচ্ছে। কোথায় সমস্যা হয়েছে। সেটা তারা বলতে পারবেন। তবে জনগুরুত্বপূর্ণ এটা বিবেচনা করে রাস্তার কাজ তাড়াতাড়ি শেষ করতে বলব।

এদিকে, রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা সাব-ঠিকাদার আব্দুল কাদেরের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে বহুবার কল করা হয়। কিন্তু তিনি প্রতিবারই কল কেটে দেন। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এলাকাবাসীর দাবি, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি সড়কের বাকি কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন কাজ বন্ধ থাকার কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা