মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৪:০৮ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬ ১৪:০৯ পিএম
রংপুর নগরীর উত্তম মৌজায় নির্মাণাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুর নগরীতে উত্তম মৌজায় নির্মাণাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাজ থমকে আছে। প্রকল্পের মেয়াদের মধ্যে নির্মাণকাজ শেষ না হওয়ায় আগামী শিক্ষাবর্ষে পাঠদান কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
এনিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ না করায় শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর নতুন করে টেন্ডারের মাধ্যমে স্কুল নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। অপরদিকে একই সময়ে কাজ শুরু হওয়া নগরীর বোতলা মৌজায় আগামী শিক্ষাবর্ষে পাঠদানের জন্য প্রস্তুতি নিয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, রংপুর দেশের প্রাচীন জেলা হলেও এখানে মাত্র দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতি বছর রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা রীতিমত যুদ্ধে নামেন। সময়ের ব্যবধানে রংপুর বিভাগ ও সিটি কর্পোরেশন হলেও দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্বল্প সংখ্যক আসন নগরীর শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ছিল না।
এই পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার দেশের বিভিন্ন এলাকায় ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্প হাতে নেয়। এর আওতায় রংপুরে ১০ তলা বিশিষ্ট দুটি সরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের ২২ এপ্রিল নগরীর কামাল কাছনা মৌজার বোতলা এলাকায় ২৩ কোটি ১০ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে বীরঙ্গনা মনসুরা বেগম স্কুল এন্ড কলেজ এবং অন্যটি উত্তম মৌজায় ২৩ কোটি ১১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে বীরঙ্গনা রুপালী রানী সিংহ স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণের কাজ শুরু হয়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণের সময়সীমা বেঁধে দেওয়া হয় ৩৬ মাস। গত বছর অথ্যাৎ ২০২৫ সালে দুটি ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।
পরবর্তী সময়ে প্রকল্প দুটির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর মধ্যে উত্তমের বীরঙ্গনা রুপালী রানী সিংহ স্কুল এন্ড কলেজ ভবনের কাজ ৫৫ ভাগ করা হয়েছে। এরপর ঠিকাদারী প্রতিষ্ঠান বাকী কাজ শেষ না করায় ভবন নির্মাণের কাজ থমকে আছে। চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর উত্তম এলাকার স্কুলটির কাজ বাতিল করে দিয়েছে। এখন সেখানে নতুন করে ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হবে। ফলে আগামী শিক্ষাবর্সে স্কুলটি চালুর কোনো সম্ভবনা নেই।
উত্তম হাজীরহাট এলাকার মমিনুল ইসলাম বলেন, এই স্কুলটি নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ হবে এবং আমাদের সন্তানরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে, এমন প্রত্যাশা করেছিলাম। কিন্তু ঠিকাদার কাজ না করায় ভবন নির্মাণের কাজ শেষ হয়নি। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানটির কাজ শেষ হলে আমাদের সন্তানদের জন্য ভালো হতো। কারণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের এলাকা থেকে অনেক দূরে এবং মহাসড়ক দিয়ে যাতায়াত করতে হয়। ফলে এ থেকে মুক্তি মিলতো। নিজ এলাকায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হলে কতটা ভালো হতো তা আমরা বুঝতে পারি। আমরা চাই দ্রুত এ ভবনের নির্মাণকাজ শেষ করা হোক।
একই এলাকার সুমিত রায় বলেন, রংপুর নগরীতে যে সংখ্যক শিক্ষার্থী রয়েছে, তার তুলনায় রংপুর জিলা স্কুল ও গালর্স স্কুলের আসন অত্যন্ত কম। সরকার ভালো উদ্যোগ নিলেও বাস্তবায়নকারী কর্তৃপক্ষের উদাসীনতায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণকাজ যথাযথ সময় শেষ হলো না। এতে যাদের গাফিলতি রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
অপরদিকে নগরীর বোতলা এলাকার বীরঙ্গনা মনসুরা বেগম স্কুল এন্ড কলেজ সরেজমিনে দেখা যায়, চলতি শিক্ষাবর্ষে পাঠদান শুরুর জন্য প্রায় প্রস্তুত। দশতলা একাডেমিক ভবনের কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙের কাজ। ভবনের চারদিকে দেয়াল দেওয়া, আলাদা সাবস্টেশন, জেনারেটর রুম প্রস্তুত করা হয়েছে। মাটি ভরাট করে খেলার মাঠ তৈরি করা হয়েছে। প্রধান ফটকের নির্মাণকাজ শেষ। ক্লাস রুমের জন্য চলে এসেছে বেঞ্চ। স্কুলের খেলার মাঠের আশপাশে ড্রেন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনসহ ছোট-খাটো কাজ চলছে জোরেশোরে। অল্প সময়ের মধ্যে ক্লাসরুমে লাইট, ফ্যানের সংযোগ ও দশতলা ভবনের লিফট চালু করার কথা রয়েছে। ভবনের প্রতিটি ফ্লোরে অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। এখন বৈদ্যুতিক সংযোগ দেওয়াসহ নানা ছোট-খাটো কাজ চলছে দ্রুততার সঙ্গে। অপরদিকে আগামী শিক্ষাবর্ষে পাঠদানের জন্য দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে অনুমতি চেয়েছে বীরঙ্গনা মনসুরা বেগম স্কুল এন্ড কলেজ। পর্যায়ক্রমে এখানে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
বীরঙ্গনা মনসুরা বেগম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর জিহাদী বলেন, স্কুলের ১০ তলা ভবন প্রস্তুত হয়ে গেছে। এখন রঙসহ ছোট-খাটো কাজগুলো চলছে। নিচ তলার প্রশাসনিক ভবনের কাজ দ্রুত শেষ হবে। বিদ্যুৎ সংযোগের লাইন এখনও বাকী রয়েছে। এছাড়া ফায়ার ফাইটিং, পাওয়ার স্টেশন, মাঠ ভরাট হয়েছে। আশা করছি ডিসেম্বরের আগেই ভবনটি আমাদের কাছে হস্তান্তর করতে পারবে ঠিকাদারী প্রতিষ্ঠান। এছাড়া ক্লাসরুমের আসবাবপত্র এসে গেছে। সেই সঙ্গে পাঠদানের জন্য আমরা দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে অনুমতি চেয়েছি। যদি কোনো ব্যত্যয় না ঘটে তবে আগামী জানুয়ারি মাসেই এই প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।
তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে বালক ও বালিকা ভর্তি হতে পারবে। আমাদের অত্যাধুনিক দুটি লিফট ও প্রতিবন্ধীদের জন্য র্যাম্প রয়েছে। মাঠের দুপাশ থেকে রাস্তা হবে। সর্বপরি এই ভবনে আগুন নির্বাপনের জন্য ব্যবস্থা রয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য স্বয়ংক্রিয় জেনারেটর থাকবে।
রংপুর শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতিশ চন্দ্র সেন বলেন, ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় রংপুরে দুটি স্কুল নির্মাণ হচ্ছে। এর মধ্যে উত্তরের কাজটি বাতিল করে নতুন করে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। নতুন করে টেন্ডার করা হলেও এর কোনো ব্যয় বাড়বে না। স্টিয়ারিং কমিটি আগামী বছরের ২৭ জুন পর্যন্ত ওই ভবনটি নির্মাণ কাজের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে। অপরদিকে কামাল কাছনা মৌজার স্কুলটির কাজ আগামী নভেম্বরের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান শেষ করতে পারবে বলে জানিয়েছে। আগামী শিক্ষাবর্ষে সেখানে পাঠদান শুরু হবে।
রংপুর মহানগর সুজনের সভাপতি অ্যাড. জোবাইদুল ইসলাম বলেন, রংপুর নগরবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন হচ্ছে। এটি আমাদের অন্য আনন্দের খবর হলেও নির্ধারিত সময়ে একটি ভবনের কাজ শেষ না হওয়ায় হতাশ হয়েছি। আমরা চাই নগরীর শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত উত্তম মৌজার ভবনটির নির্মাণ কাজ শেষকরে পাঠদান কার্যক্রম শুরু করা হোক।