বগুড়া অফিস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৩:৫৯ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬ ১৪:০০ পিএম
সাহেদের মরদেহর জন্য অপেক্ষায় আত্মীয়স্বজন ও গ্রামবাসী, ইনসেটে নিহত শাহেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা।
শুক্রবার সকালে ঢাকা থেকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের উদ্দেশে যাত্রা করেন তারা।
সাহেদের ভাই মাসুম রানা জানান, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সাহেদ। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্যদের সঙ্গে তিনিও নিহত হন।
মাসুম রানা জানান, শুক্রবার বাদ জোহরের দিকে সাহেদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মরদেহের সঙ্গে রয়েছেন তার স্ত্রী কাকলী বেগম ও দুই সন্তান।
সাহেদের বাবা রফিকুল ইসলামও সৌদি আরবে থাকেন। তার মা শাহেরা বেগম ওমরাহ পালনের জন্য বর্তমানে সেখানে অবস্থান করছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সাহেদের স্ত্রী কাকলী বেগম।