× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসি ইমরানকে ঘিরে প্রশ্ন

ক্ষমতার দাপট, নাকি আইনের প্রয়োগ

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১০:০৪ এএম

মহেশপুর থানার ওসি ইমরান আলম। ফাইল ছবি

মহেশপুর থানার ওসি ইমরান আলম। ফাইল ছবি

রাজনৈতিক অঙ্গনে বিরোধী মতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। সেই আলোচনায় এবার উঠে এসেছে ঝিনাইদহের কালীগঞ্জ থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) ও মহেশপুর থানার বর্তমান ওসি ইমরান আলমের নাম। 

অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে বিএনপি ও জামায়াতের নেত-কর্মীদের কাছে তিনি ছিলেন আতঙ্কের প্রতীক।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালে কালীগঞ্জ থানায় এসআই পদে যোগ দিয়ে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। সে সময়ে তিনি স্থানীয় এমপি প্রয়াত আনোয়ারুল আজমের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ‘এমপির আশীর্বাদে’ তিনি হয়ে ওঠেন থানার সেকেন্ড অফিসার। এর পর থেকে তার আর পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক গুম, ক্রসফায়ার, মিথ্যা মামলা দিয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বড় ঘিঘাটি গ্রামের বাসিন্দা ও বিএনপি কর্মী জাহানুর ইসলাম বলেন, “আমার ছোট ভাই আমিনুরকে এসআই ইমরানের নেতৃত্বে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। টানা তিন দিন থানাসহ বিভিন্ন অফিসে ঘুরেও তার কোনও হদিস পাইনি। পরে মোবাইলে কল করে আমাদের কাছে ৫ লাখ টাকা চাওয়া হয়, নাহলে আমিনুরকে ক্রসফায়ার দেওয়া হবে বলে জানানো হয়।” 

তিনি বলেন, “আমরা স্বল্প সময়ের মধ্যে সাড়ে ৩ লাখ টাকা ম্যানেজ করে এসআই ইমরানের হাতে তুলে দিই। তার পরেরদিন আমার ভাইকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে আমরা আর এলাকায় থাকি না।”

অভিযোগ রয়েছে, ২০১৬ সালের ২৪ মার্চ বিকাল ৫টার দিকে শহরের মাহতাব উদ্দিন কলেজের পূর্ব পাশের গেটের সামনে থেকে দুই মোটরসাইকেলে এসআই ইমরানের নেতৃত্বে সাদা পোশাকধারী পুলিশ পরিচয়ে ৪ জন শামীমকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। এরপর বিভিন্ন অফিসে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। পরে ২০১৬ সালের ১৩ এপ্রিল যশোর সদরের লাউখালি গ্রামে শ্মশানঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

নিহত শামীমের পিতা নূর ইসলাম বলেন, “আমার ছেলে হত্যার আসামি ইমরান আলমকে শাস্তির বদলে পুরস্কৃত করা হয়েছে। শুনেছি তাকে মহেশপুর থানার ওসি বানানো হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। সেই সঙ্গে মহেশপুর থানার ওসি ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কালীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় এসআই ইমরান আলম বিএনপি-জামায়াতের শত শত কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো,ক্রসফায়ার ও গুমের মত ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি তার হাত থেকে রেহাই পাইনি আওয়ামী এমপি আনারের প্রতিপক্ষ প্রয়াত আব্দুল মান্নানের কর্মীরা পর্যন্ত। তাদেরও করা হয়েছে নানা ধরনের নির্যাতন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়। সে মামলার ৫ নাম্বার আসামি করা হয়েছে মহেশপুর থানার ওসি ইমরান আলমকে।

এতকিছুর পরও গত ১০ অক্টোবর ইমরান আলমকে মহেশপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ড. আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “একজন পুলিশের প্রধান কাজ আইনের শাসন বাস্তবায়ন করা। সেটা না করে তিনি আওয়ামী শাসনামলে বিরোধী মতকে দমন-পীড়ন করতে ব্যস্ত ছিলেন। এমনকি সে হত্যা মামলার আসামি। সম্প্রতি তাকে আবার কালীগঞ্জের পার্শ্ববর্তী মহেশপুর থানার ওসি বানানো হয়েছে। এতে বর্তমান সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। সংশ্লিষ্টদের উচিত হবে মহেশপুর থানার ওসিকে দ্রুত প্রত্যাহার করে বিভাগীয় শাস্তি নিশ্চিত করা।”

অভিযোগের বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, “কালীগঞ্জ থানায় থাকতে বিএনপি-জামায়াতের নাশকতা রোধে এগুলো করেছি। এ নিয়ে এত লেখালেখি করার প্রয়োজন দেখেছি না। সময় করে আমার অফিসে আসেন চা খাব।”

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “বিষয়টা আমার জানা নেই। তবে মহেশপুর থানার ওসির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা