× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ জেলায় ৬ হত্যাকাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২২:৪৫ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের পাঁচ জেলায় পৃথক ছয়টি মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। খুলনায় গুলিতে এক যুবক ও কুপিয়ে এক নারীকে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এক যুবদল নেতাকে। গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ভাড়া ঘর থেকে এক টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামের ভেতরে রাখা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে উদ্ধার করা হয়েছে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ। এসব ঘটনায় মৃত্যুর কারণ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং সম্ভাব্য অপরাধের ধরন শনাক্ত করতে তদন্ত চলছে। 

খুলনায় পৃথক ঘটনায় গুলিতে যুবক ও নারী নিহত : খুলনা নগরীতে পৃথক ঘটনায় মো. তুষার (২৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। একই নগরীর জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামের এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজার সংলগ্ন আনসার উদ্দিন লেন থেকে তুষারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশে নম্বরপ্লেটহীন কালো রঙের একটি আর১৫ মোটরসাইকেল ছিল। তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর একটি অস্ত্র আইনে, অন্যটি হত্যা মামলা। তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বউবাজারের সাত নম্বর গলিতে খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাপাতির কোপে গুরুতর আহত যুবদল নেতা জহির ফকির (৫০) মারা গেছেন। গত বুধবার রাতে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জহির ফকির আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তার বাড়ি আড়াইহাজার উপজেলার খালিয়ার চর এলাকায়। তার বাবার নাম রহমান। তিনি মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় ভাড়া থাকতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে বালুরঘাট এলাকার একটি মাদ্রাসার পাশে রাস্তার ধারে জহির ফকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. মো. আতাউল করিম জানান, জহির ফকিরের শরীরের বিভিন্ন স্থানে চাপাতির গভীর কোপের ক্ষত ছিল। কোনো কোনো স্থানে হাড় পর্যন্ত কেটে গিয়েছিল। তাকে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।

তালাবদ্ধ ঘরে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ : গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে আশিক শেখ (২৭) নামের এক টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ফজলুল হকের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশিক শেখ ময়মনসিংহের ভালুকা উপজেলার খাওরাইল গ্রামের আব্দুল কাদির শেখের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। 

বাড়ির মালিক ফজলুল হক বলেন, পূজার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ওই সময় আশিকের ঘরটিও তালাবদ্ধ ছিল। আশিক স্ত্রী ও ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে গেছেন বলে তিনি ধারণা করেছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে আশিকের ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দুপুরের দিকে দুর্গন্ধ বাড়লে প্রতিবেশীরা এর উৎস খুঁজতে গিয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। 

শ্রীপুর থানার এসআই উবায়দুল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা, নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।

খালে ড্রামের ভেতর নারীর মরদেহ : শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামের ভেতর রাখা অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৭ বছর। 

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, নারীর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়েছে।

পিবিআই শেরপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার : ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া আক্তার (১৯) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে তার স্বামী কাওছার মিয়ার (২৩) বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে কাওছার ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। নাদিয়া নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

নাদিয়ার মা ময়ফুল বানু বলেন, বুধবার রাত ৯টার দিকে তারা নাদিয়ার শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বাড়িতে অনেক মানুষ থাকলেও তার জামাতা ও শ্বশুরবাড়ির অন্য কাউকে পাওয়া যায়নি। 

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য সহায়তা করেছেন খুলনা অফিস, মুন্সীগঞ্জ, শ্রীপুর (গাজীপুর), শেরপুর ও গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা