× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটির জোয়ারে চাঙ্গা পর্যটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২২:৩১ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ২২:৩৬ পিএম

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পর্যটকের ঢল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পর্যটকের ঢল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গোৎসব, সাপ্তাহিক ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাশ মিলিয়ে টানা ১০ দিনের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার, কুয়াকাটা ও সিলেট। দুর্গাপূজার ছুটি ও নানা আয়োজন ঘিরে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা।

এতে বাড়তি আয়ের প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে পর্যটকের চাপ সামলাতে কোথাও আবাসন ও সেবায় বাড়তি চাপ তৈরি হয়েছে, কোথাও দেখা দিয়েছে হোটেল কক্ষের সংকট ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ।

কক্সবাজারে ১,৫০০ কোটি টাকার ব্যবসার আশা : পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত। বালুচর, হোটেল-মোটেল, হিমছড়ি, ইনানী ও মেরিন ড্রাইভে বেড়েছে ভিড়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আশা, ১০ দিনের ছুটিতে অন্তত ১৫ লাখ পর্যটক আসবেন। তাদের ঘিরে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসাসহ সংশ্লিষ্ট খাতে ১,২০০ থেকে ১,৫০০ কোটি টাকার বাণিজ্য হতে পারে।

গত বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ঘিরে লাবণী পয়েন্টে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। আয়োজকদের হিসাবে, সেখানে প্রায় ৪০০টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ আয়োজন দেখতে তিন থেকে চার লাখ মানুষ এসেছিলেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। কক্সবাজারের বিভিন্ন উপজেলা ছাড়াও বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি থেকে পূজারিরা প্রতিমা নিয়ে আসেন।

বৃহস্পতিবার বিকালে লাবণী পয়েন্টের বালুচরে কেউ সমুদ্রের ঢেউয়ে গা ভেজাচ্ছিলেন, কেউ ঘোড়ায় বা বিচবাইকে ঘুরছিলেন। লাবণী ও সুগন্ধা পয়েন্টের পাশাপাশি হিমছড়ি, ইনানী ও মেরিন ড্রাইভেও ছিল দর্শনার্থীদের ভিড়।

পর্যটকের চাপে আবাসিক হোটেল, গেস্ট হাউস ও কটেজে আগাম বুকিং বেড়েছে। হোটেল মালিকদের ভাষ্য, বুধবার থেকে শনিবার পর্যন্ত অনেক প্রতিষ্ঠানের কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। তারকা মানের ২০টির বেশি হোটেলে বুকিং প্রায় শতভাগÑ মাঝারি মানের হোটেল, গেস্ট হাউস ও কটেজে এ হার প্রায় ৯০ শতাংশ।

কক্সবাজার হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ১০ দিনের ছুটিতে অন্তত ১৫ লাখ পর্যটক আসবেন বলে তারা আশা করছেন। তারকা মানের হোটেলগুলোর বেশিরভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। এবার ভাড়ায় তেমন ছাড় দেওয়া হচ্ছে না। তবে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে প্রশাসনের তদারকি রয়েছে।

ঢাকার মিরপুরের বাসিন্দা আবদুল আজিজ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মঙ্গলবার রাতে কক্সবাজারে আসেন। তিনি বলেন, সুগন্ধা সৈকতে ভিড় দেখে পরিবার নিয়ে লাবণী পয়েন্টে গিয়েও বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখেছেন।

সিরাজগঞ্জ থেকে পরিবার নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে আসা স্কুলশিক্ষক রাজেন্দ্র রায় বলেন, কক্সবাজারের বিসর্জন আয়োজন দেশের অন্যতম বড়। মাকে বিদায় দিতে তিনি এখানে এসেছেন। তার মতে, আয়োজন ঘিরে প্রশাসনের ব্যবস্থাপনাও ভালো ছিল।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুর বলেন, ১৫ লাখ পর্যটক এলে হোটেল, রেস্তোরাঁ, পরিবহনসহ সংশ্লিষ্ট খাতে ১,২০০ থেকে ১,৫০০ কোটি টাকার ব্যবসা হতে পারে। পর্যটকের সংখ্যা বাড়লে বিচবাইক, ঘোড়া, শুঁটকি, পোশাক, হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ও বেচাকেনা বাড়বে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়াই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়রানি বন্ধ ও সেবা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পূজার ছুটি ও কার্নিভালে মুখর কুয়াকাটা : দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে পর্যটকের ভিড়ে মুখর পটুয়াখালীর কুয়াকাটা। বাড়তি পর্যটক আগমনে আবাসন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় ব্যস্ততা বেড়েছে; বাড়তি আয়ের আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

কুয়াকাটার জিরো পয়েন্ট, তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকিপল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, পুরনো সামুদ্রিক জাহাজ ও লাল কাঁকড়ার চরে পর্যটকদের আনাগোনা বেড়েছে। কেউ সমুদ্রে সাঁতার কাটছেন, কেউ সৈকতে বসে সৌন্দর্য উপভোগ করছেন। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার আকর্ষণও টানছে দর্শনার্থীদের। সৈকতের জিরো পয়েন্টে স্থাপন করা হয়েছে ডিজিটাল জায়ান্ট এলইডি স্ক্রিন। এতে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি ও ভিডিও দেখানো হয়।

সমুদ্রসৈকতের পাশাপাশি রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি ও খাবারও পর্যটকদের আকৃষ্ট করছে। রাখাইন পল্লী ও মিশ্রিপাড়ায় বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা। বাড়তি চাহিদা সামনে রেখে রাখাইন মার্কেটের বিক্রেতা, খাবারের দোকানি এবং ঝিনুক ও আচার বিক্রেতারাও প্রস্তুতি নিয়েছেন।

২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পর্যটকের সম্ভাব্য চাপ সামলাতে হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি নিয়েছে। সূত্রমতে, কুয়াকাটার তিন শতাধিক হোটেলে প্রায় ৫০ হাজার মানুষের থাকার ব্যবস্থা রয়েছে।

আবাসনের চাহিদা মেটাতে আশপাশের পাঁচ গ্রামের প্রায় ৬০০ পরিবারও নিজেদের বাড়িতে অতিথিদের থাকার ব্যবস্থা করার প্রস্তুতি নিয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ, থানা-পুলিশ, নৌ-পুলিশ, এসআরবি ও ট্যুরিস্ট পুলিশের সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

সিলেটে পর্যটকের ঢল, আবাসন সংকটে ভোগান্তি : সিলেটে পর্যটকের ঢল, দেখা দিয়েছে আবাসন সংকট। হোটেল-মোটেলে কক্ষ না পেয়ে অনেকে আত্মীয়ের বাসায় উঠছেন, কেউ রাত কাটানোর আশ্রয় খুঁজছেন হজরত শাহজালালের (রহ.) মাজার প্রাঙ্গণে। পর্যটকদের অভিযোগ, আবাসনের পাশাপাশি যাতায়াতেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। মহানগরের মালনীছড়া, লাক্কাতুরা ও তারাপুর চা-বাগানের পাশাপাশি জেলার জাফলং, ভোলাগঞ্জের সাদাপাথর, বিছনাকান্দি, রাতারগুল জলাবন ও লালাখালেও পর্যটকদের ভিড় বেড়েছে।

চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে আসা পর্যটক ফয়জুল হক বলেন, সিলেটে এলে মাজার জিয়ারতের পাশাপাশি চা-বাগান ও সাদাপাথর ঘুরে দেখেন। তবে এবার খরচ ও ভিড় আগের তুলনায় বেশি মনে হয়েছে।

ঢাকার পর্যটক সাগর মিয়া বলেন, বিভিন্ন হোটেলে খোঁজ করেও কক্ষ পাওয়া যাচ্ছে না। কোথাও কক্ষ মিললেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।

কয়েকজন পর্যটকের অভিযোগ, আম্বরখানা, জিন্দাবাজার ও বন্দরবাজার থেকে বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াতে ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চালকেরা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া চাইছেন।

হোটেলে কক্ষ না পেয়ে মাজার প্রাঙ্গণে আশ্রয় নেওয়া পর্যটক আবদুর রহমান বলেন, এমন আবাসন সংকটে পড়বেন তা ভাবেননি। কোথাও হোটেল না পেয়ে মাজারে রাত কাটানোর পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থা থাকলে পরদিনই ঢাকায় ফিরে যাওয়ার কথা ভাবছেন তিনি।

সিলেট হোটেল, মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নূরী জুয়েল বলেন, মহানগরের প্রায় সব হোটেলের কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। খালি কক্ষ না থাকায় অনেক পর্যটককে ফিরিয়ে দিতে হচ্ছে।

এদিকে পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. আফজাল হোসেন বলেন, নিয়মিত ব্যবস্থার পাশাপাশি পুলিশের বিশেষ মোবাইল প্যাট্রোল টিম কাজ করছে।

তিনি বলেন, হজরত শাহজালালের (রহ.) মাজার প্রাঙ্গণে পর্যটকদের ভিড় ও অবস্থানের তথ্য পাওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য সহায়তা করেছেন তাহজীবুল আনাম (কক্সবাজার), এনায়েতুর রহমান, (পটুয়াখালী) ও আব্দুল মাজিদ চৌধুরী (সিলেট)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা