শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২২:২০ পিএম
নিহত মারুফ বেপারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মারুফ বেপারি। সেখানে এক দশকের বেশি সময় ধরে ব্যবসা করে আসছিলেন তিনি। চাঁদা না দেওয়ায় মারুফকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসী।
গত বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত হন তিনি। বৃহস্পতিবার সকালে বিষয়টি পরিবারের স্বজনদের জানানো হয়।
নিহত মারুফ উপজেলার পশ্চিম সিড্যা গ্রামের মৃত আব্দুস সোবহান বেপারির ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন। মারুফের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছার পর পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
স্থানীয় ও স্বজনরা জানান, জীবিকার তাগিদে ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন মারুফ বেপারি। সেখানে এক দশকের বেশি সময় ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। বুস্টার এলাকায় ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় সন্ত্রাসী একটি গোষ্ঠী নিরাপত্তার নামে মারুফের কাছে প্রতি মাসে দক্ষিণ আফ্রিকান ৫০০ র্যান্ড দাবি করত। সম্প্রতি চাঁদার টাকা নিয়ে তাদের সঙ্গে মারুফের বিরোধ হয়। এর জেরেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় প্রবাসী ও নিহতের পরিবারের। তার মরদেহটি বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালের মর্গে রয়েছে।
মারুফের পরিচিত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ভাষ্য, তিনি ১০ বছরের বেশি সময় ধরে জুলুটেম্বা এলাকায় ব্যবসা করছিলেন। ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় কিছু ব্যক্তি নিরাপত্তার নামে তার কাছে ৫০০ থেকে ১ হাজার ৫০০ দক্ষিণ আফ্রিকান র্যান্ড দাবি করত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি অতিরিক্ত টাকা দাবি করা নিয়ে তাদের সঙ্গে মারুফের বিরোধ হয়। এর জেরেই তাকে গুলি করা হয়েছে বলে দাবি স্থানীয় প্রবাসীদের।
নিহতের স্বজন কামরুজ্জামান বেপারি বলেন, চাঁদার জন্য বিদেশের মাটিতে আমার কাকা মারুফ বেপারিকে জীবন দিতে হয়েছে। ওখানকার দূতাবাস কি এগুলো দেখে না? দক্ষিণ আফ্রিকায় চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে প্রবাসী বাংলাদেশিদের হত্যার খবর প্রায়ই শোনা যায়। এ ধরনের ঘটনা বন্ধে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা প্রয়োজন। তিনি বলেন, আমাদের চাওয়া, দ্রুত চাচার মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়া হোক। এজন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
ডামুড্যা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, স্বজনদের মাধ্যমে খবর পেয়েছেন তিনি। আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।