মো. মোয়াজ্জেম হোসেন পলাশ (৪৫)। ফাইল ছবি
সীমান্ত ব্যাংকের মতিঝিল শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) মো. মোয়াজ্জেম হোসেন পলাশ (৪৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বিকালে রাজধানীর পান্থপথস্থ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন মঙ্গলবার সকালে চাঁদপুরের কচুয়ায় গোহট গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে গত ৬ অক্টোবর রাতে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করা হয় পলাশকে। আইসিইউর সংকটে সেখানে অবস্থার অবনতি হলে সেদিন ভোরেই তাকে স্থানান্তর করা হয় মালিবাগের পিপলস হাসপাতালে। সেখান থেকে পরদিন ৭ অক্টোবর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। ১৫ অক্টোবর পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর লাইফ সাপোর্টে নেওয়া হয় পলাশকে। চার দিন পর ১৯ অক্টোবর বিকালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ মা, দুই ভাই, এক বোন, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তিনি সীমান্ত ব্যাংক ছাড়াও দেশি-বিদেশি একাধিক ব্যাংকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পলাশের বড় ভাই ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার বিশেষ প্রতিবেদক মো. তোফাজ্জল হোসেন কামাল। তার পিতা সাবেক শিক্ষা কর্মকর্তা মৃত মো. জয়নাল আবেদীন। পরিবারের পক্ষে মৃত পলাশের জন্য দোয়া চাওয়া হয়েছে।