শ্রীপুর ও বাবুগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২১:২৪ পিএম
শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম ও ভাঙ্গারি দোকান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বরিশালের বাবুগঞ্জে তালাবদ্ধ বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম ও ভাঙ্গারি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ২নং সিঅ্যান্ডবি বাজারে সাখাওয়াত ও আকতারের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রফিকুল ইসলামের স্যানেটারি দোকান, ফালান মিয়ার মুরগির দোকান, সফিকের ঝুট গুদাম এবং তুলার গুদাম, ভাঙ্গারির দোকান ও বায়তুল জান্নাত জামে মসজিদ আগুন পুড়ে যায়।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বুধবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জে পুত্রবধূ হত্যা মামলার আসামি আব্দুল কাদের খানের তালাবদ্ধ বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর ও রান্নাঘরসহ ঘরের আসবাবপত্র, ধান-চাল এবং ঘরের টিনের চাল, কাঠ ও বাঁশ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন লাগার কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।