ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২১:১৬ পিএম
ভোলার নির্বাচনী এলাকায় মানুষের খোঁজখবর নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নয়। দলটি প্রায় আড়াই বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে রাজনৈতিকভাবে সক্রিয় নয়। তবে হাতেগোনা কয়েকজন মিছিল করছেন।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী এলাকায় মানুষের খোঁজখবর নেওয়ার পর সন্ধ্যায় ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়নের বিজেপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটিকে রাজনীতিতে ফিরতে হলে অনেক চিন্তাভাবনা করে আসতে হবে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ঘটনাবলির জন্য তাদের ক্ষমা চাইতে হবে এবং দোষীদের সাজা হতে হবে। এরপর বাংলাদেশের মানুষ তাদের রাজনীতি করার সুযোগ দেবে কি না, তা সময়ই বলে দেবে।
তিনি বলেন, আওয়ামী লীগ আগে দেশে জঙ্গিবাদের কথা বলত, আর এখন বলছে গণতন্ত্র নেই। অথচ দলটি ১৭ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে। তাঁদের সরকার নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বলে দাবি করেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদ্যাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে বলত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। কিন্তু এবার বাংলাদেশে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে হিন্দুরা পূজা পালন করেছেন। অথচ বিদেশে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক প্রচারণার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশে এ ধরনের প্রচারণার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, তিনি দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার মতে, এখনো সেই সময় আসেনি। ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবসম্মত বলে মনে করেন না তিনি।