রাজশাহী অফিস
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুই দিন হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাঁচ দফা দাবিতে দুই দিন কর্মবিরতির পর প্রশাসনের আশ্বাসে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে কর্মবিরতি স্থগিত করেন তাঁরা। আগামীকাল শুক্রবার সকাল থেকে ২৫২ জন ইন্টার্ন চিকিৎসক পুনরায় কাজে যোগ দেবেন। তাঁদের কর্মবিরতির কারণে গত দুই দিন হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনেরা।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
এর আগে, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট সমাধান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে বুধবার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন রামেক হাসপাতালে কর্মরত ২৫২ জন ইন্টার্ন চিকিৎসক। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা জানান, একে তো হাসপাতালে ওষুধ নেই, তার ওপর চিকিৎসক না থাকায় তাঁরা চরম বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে হাসপাতাল ছেড়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে নিম্ন আয়ের মানুষেরা কোনো বিকল্প না পেয়ে হাসপাতালের বিছানায় শুয়েই যন্ত্রণায় কাতরাচ্ছেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা জানান, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার এবং সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।
তাঁরা আরও জানান, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি থাকা ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।